বিশ্বকাপে লাল কার্ড
দর্শকদের ১ মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা দেবে ডেমিনোজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম
ছবি : সংগৃহীত
ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগুন লাল কার্ড দেখার পর অভিনব এক ঘোষণা বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছে বিশ্বখ্যাত পিৎজা চেইন ডমিনোজ।
মার্কিন দলের এই লাল কার্ডের পর টুর্নামেন্ট শুরুর আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সমর্থকদের জন্য ১০ লাখ ডলার মূল্যের ফ্রি ‘ইমার্জেন্সি পিৎজা’ বিতরণ করবে প্রতিষ্ঠানটি। এটি নতুন কোনো ঘোষণা নয়। গত মে মাসেই ডমিনোজ জানিয়েছিল, বিশ্বকাপে যুক্তরাষ্ট্র জাতীয় দলের পারফরম্যান্সের ভিত্তিতে বিশেষ অফার দেওয়া হবে। শর্ত ছিল, দলের কোনো খেলোয়াড় ম্যাচে লাল কার্ড দেখলে ৬০ হাজারের বেশি ফ্রি মিডিয়াম সাইজের পিৎজা সমর্থকদের মধ্যে বিতরণ করা হবে। খবর এনডিটিভির।
বুধবার (১ জুলাই) বালোগুন লাল কার্ড পাওয়ার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ তৈরি হয়। তবে লাল কার্ড পেলেও যুক্তরাষ্ট্রের জন্য ম্যাচের ফল ইতিবাচক ছিল। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও দুর্দান্ত লড়াই করে ৮২তম মিনিটে মালিক টিলম্যানের দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে দলটি। এতে বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র এবং নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।
দলের এই ঐতিহাসিক জয়ের আনন্দের সঙ্গে এবার ফ্রি পিৎজাও উপভোগ করতে পারবেন মার্কিন সমর্থকরা।
আরো পড়ুন : ফ্রান্স-এমবাপ্পে অপ্রতিরোধ্য
ডমিনোজ এক বিবৃতিতে জানায়, মার্কিন দলের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে সমর্থকদের হতাশা দূর করতে ১০ লাখ ডলার মূল্যের ইমার্জেন্সি পিৎজা উপহার দেওয়া হবে।
এ উদ্যোগের অংশ হিসেবে ‘স্যাটারডেস ফুটবল’-এর সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণের জার্সি, ক্যাপ ও স্লাইডসও বাজারে এনেছে ডমিনোজ, যা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
এদিকে লাল কার্ড পাওয়ার আগে বালোগুন দারুণ ছন্দে ছিলেন। চলতি টুর্নামেন্টে এটি ছিল তার তৃতীয় গোল। তবে ফাউলের ধরন বিবেচনায় পরবর্তী দুই বা তার বেশি ম্যাচে নিষিদ্ধ হতে পারেন তিনি। বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য পরবর্তী নকআউট পর্বে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।
