লাল কার্ড ইস্যুতে মেসিকে নিয়ে নতুন বিতর্ক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে লাল কার্ড দেখানোর ঘটনায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে রেফারিং। একই ধরনের ফাউলের ঘটনায় এর আগে লিওনেল মেসিকে কোনো কার্ড না দেখানোর উদাহরণ টেনে ফুটবলপ্রেমীরা ফিফার রেফারিংয়ে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
বুধবার (১ জুলাই) বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। তবে ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা ছিল স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ড।
দ্বিতীয়ার্ধে বসনিয়ার তারিক মুহারেমিভিচের গোড়ালিতে বালোগুনের স্টাড লাগার পর প্রথমে কোনো কার্ড দেখাননি রেফারি রাফায়েল ক্লাউস। পরে ভিএআরের পরামর্শে অন-ফিল্ড রিভিউ দেখে তিনি সরাসরি লাল কার্ড দেখান।
এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মরিসিও পচেত্তিনো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটি কোনোভাবেই ইচ্ছাকৃত ছিল না। আমার মতে, এটি কখনোই লাল কার্ড হওয়ার মতো ফাউল নয়। প্রতিপক্ষকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। বল দখলের লড়াইয়ে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই তৈরি হতে পারে।’
এই লাল কার্ডের কারণে আগামী সোমবার (৬ জুলাই) বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না বালোগুন। নিয়ম অনুযায়ী এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সুযোগও নেই।
আরো পড়ুন : বিশ্বকাপে লাল কার্ড : দর্শকদের ১ মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা দেবে ডেমিনোজ
বালোগুনের লাল কার্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে আসে গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির একটি ফাউলের ঘটনা। ওই ম্যাচে বল দখলের চেষ্টায় মেসির স্টাড প্রতিপক্ষ অধিনায়ক ঈসা মান্দির পায়ের পেছনে আঘাত করলেও পোলিশ রেফারি সাইমন মার্চিনিয়াক শুধু ফাউলের বাঁশি বাজান, কোনো কার্ড দেখাননি। এমনকি ভিএআর থেকেও অন-ফিল্ড রিভিউয়ের পরামর্শ দেওয়া হয়নি।
ফুটবলপ্রেমীদের দাবি, দুটি ঘটনার মধ্যে যথেষ্ট মিল থাকা সত্ত্বেও দুই ম্যাচে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই তারা ফিফার রেফারিংয়ের ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন।
তবে মাঠের লড়াইয়ে এসব বিতর্কের প্রভাব পড়তে দেয়নি যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধের দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলেও দুর্দান্ত পারফরম্যান্সে বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে পচেত্তিনোর শিষ্যরা। এখন বেলজিয়ামের বিপক্ষে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়াই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।
