স্পেনের কাছে হেরে পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:১২ এএম
ছবি : সংগৃহীত
স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। এই হারের পরই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্টিনেজ। তিনি বলেছেন, এই পরাজয়ের মধ্য দিয়েই পর্তুগালের সঙ্গে তার অধ্যায়ের সমাপ্তি ঘটল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্প্যানিশ এই কোচ জানান, সোমবারই পর্তুগাল ফুটবল ফেডারেশনের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন নতুন কোচ নিয়োগের দায়িত্ব ফেডারেশনের।
মার্টিনেজ বলেন, আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে। যখন সেটা সম্ভব হয়নি, তখন দায়িত্ব চালিয়ে যাওয়ার কোনো অর্থ দেখি না। তিনি বলেন, এখন বোর্ড ও সভাপতির সামনে নতুন কোচ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। আজই আমার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এ বিষয়ে এর বেশি কিছু বলার নেই।
মার্টিনেজ জানান, বিশ্বকাপ শুরুর আগে তার ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে স্পেনের বিপক্ষে ম্যাচটিই যে পর্তুগালের কোচ হিসেবে তার শেষ ম্যাচ ছিল, সেটি নিশ্চিত করেছেন তিনি।
আরো পড়ুন : শেষ ষোলোর মহারণে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন
তিনি বলেন, হ্যাঁ, এটাই জাতীয় দলের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। আমি অত্যন্ত গর্বিত। পর্তুগালে আমাকে একজন পর্তুগিজের মতোই আপন করে নেওয়া হয়েছে। মানুষের এই ভালোবাসা, আস্থা ও সম্মান আমার জন্য ছিল আনন্দের, গর্বের এবং একই সঙ্গে বড় দায়িত্বের।
পর্তুগালের বিদায়ের মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারেরও ইতি ঘটতে পারে। ৪১ বছর বয়সী এই তারকার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি মার্টিনেজ। তবে বিদায়ী মুহূর্তে নিজের অধিনায়কের প্রশংসা করতে ভোলেননি তিনি।
তিনি আরো বলেন, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। সে একজন অনুকরণীয় অধিনায়ক। শুধু গোল নয়, তার অ্যাসিস্ট ও সামগ্রিক অবদানও পরিসংখ্যানেই স্পষ্ট হয়ে ওঠে।
