বিশ্বকাপে শেষ আটের লড়াই, কে কার মুখোমুখি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:১৬ পিএম
ছবি : সংগৃহীত
৪৮ দলের বিশ্বকাপ এখন শেষ আটে। নানা নাটকীয়তা, অঘটন, বিতর্ক ও স্বপ্নভঙ্গের পর টুর্নামেন্টে টিকে আছে মাত্র আটটি দল। শেষ ষোলোর লড়াই শেষে নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালের চারটি জমজমাট ম্যাচ।
সবচেয়ে নাটকীয় ম্যাচটি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিসরের মধ্যে। ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। তবে ম্যাচটি শেষ হয়েছে তীব্র বিতর্কের মধ্য দিয়ে। মিসরের দাবি, তাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল হলেও সেটি আমলে নেওয়া হয়নি। এ নিয়ে রেফারি ও ভিএআরের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে মিসর।
শিরোপার অন্যতম দাবিদার স্পেনও শেষ আটে জায়গা করে নিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম।
কোয়ার্টার ফাইনালে উঠেছে ২০২২ সালের রানার্সআপ ফ্রান্সও। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে সহজ জয় পেয়েছে তারা। শেষ আটে ফরাসিদের প্রতিপক্ষ মরক্কো, যারা আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
আরো পড়ুন : ভেবেছিলাম আমিই দলকে ডুবালাম, ম্যাচ শেষে মেসি
ইংল্যান্ডকে অবশ্য শেষ আট নিশ্চিত করতে বেশ লড়াই করতে হয়েছে। সহ-আয়োজক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে হ্যারি কেইনের দল। সেখানে তাদের প্রতিপক্ষ নরওয়ে, যারা আর্লিং হলান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি ঘটিয়েছে।
শেষ ষোলোর সবচেয়ে নিস্প্রাণ ম্যাচ ছিল কলম্বিয়া ও সুইজারল্যান্ডের। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে শেষ আটে ওঠে সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালের সূচি
বৃহস্পতিবার, ৯ জুলাই
ফ্রান্স বনাম মরক্কো
বাংলাদেশ সময় রাত ২টা
ভেন্যু: জিলেট স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস
শুক্রবার, ১০ জুলাই
স্পেন বনাম বেলজিয়াম
বাংলাদেশ সময় রাত ১টা
ভেন্যু: সোফি স্টেডিয়াম, ইনগলউড, ক্যালিফোর্নিয়া
শনিবার, ১১ জুলাই
নরওয়ে বনাম ইংল্যান্ড
বাংলাদেশ সময় রাত ৩টা
ভেন্যু: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি গার্ডেনস
রোববার, ১২ জুলাই
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড
বাংলাদেশ সময় সকাল ৭টা
ভেন্যু: অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি
