×

ফুটবল

বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়ে দলগুলো কত আয় করে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়ে দলগুলো কত আয় করে

ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের জন্য রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করেছে ফিফা। শিরোপাজয়ী দল ট্রফির পাশাপাশি পাবে ৫ কোটি মার্কিন ডলারের বেশি। একই সঙ্গে টুর্নামেন্টের মোট পুরস্কার তহবিলও বেড়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলারে, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রায় দ্বিগুণ। সেবার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল ৪৪ কোটি ডলার।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা টুর্নামেন্ট থেকে টেলিভিশন স্বত্ব, টিকিট বিক্রি, পৃষ্ঠপোষকতা ও অন্যান্য বাণিজ্যিক খাত থেকে যে আয় করে, তার একটি অংশ অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিতরণ করা হয়। অবশিষ্ট অর্থ ফুটবলের উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় করে সংস্থাটি। এ তথ্য জানিয়েছে আল–জাজিরা ও বিবিসি।

২০২২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় এবার চ্যাম্পিয়ন দল অতিরিক্ত ৮০ লাখ ডলার বেশি পাবে। আগের কোনো দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানির মধ্যে এত বড় ব্যবধান দেখা যায়নি। ফলে এবারই সর্বোচ্চ হারে বেড়েছে চ্যাম্পিয়ন দলের পুরস্কার।

আরো পড়ুন : বিশ্বকাপে শেষ আটের লড়াই, কে কার মুখোমুখি

বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই এবার কোনো না কোনো অঙ্কের অর্থ পাবে। অবস্থানভিত্তিক পুরস্কারের তালিকা নিচে দেওয়া হলো।

মোট ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলারের পুরস্কার তহবিলের মধ্যে অবস্থানভিত্তিক পুরস্কার হিসেবে বিতরণ করা হবে ৭০ কোটি ৩০ লাখ ডলার। বাকি ১৬ কোটি ৮০ লাখ ডলার পারফরম্যান্স বিবেচনা ছাড়াই সব অংশগ্রহণকারী দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল ন্যূনতম ১ কোটি ২৫ লাখ মার্কিন ডলার নিশ্চিতভাবে পাবে। এর মধ্যে রয়েছে ১ কোটি ডলারের অংশগ্রহণ ফি এবং ২৫ লাখ ডলারের প্রস্তুতি ভাতা।

পুরস্কারের অঙ্ক বড় হলেও টুর্নামেন্ট থেকে ফিফার মোট আয়ের তুলনায় তা খুবই সামান্য। এবারের বিশ্বকাপ থেকে সংস্থাটির মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ১৩ বিলিয়ন বা ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। এই বিপুল আয়ের মাত্র ৮৭ কোটি ১০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৬ দশমিক ৭ শতাংশ পুরস্কার হিসেবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিতরণ করা হচ্ছে।

অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ফিফা জানিয়েছে, তাদের আয়ের অন্তত ১১ দশমিক ৭ বিলিয়ন বা ১ হাজার ১৭০ কোটি ডলার বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে পুনর্বিনিয়োগ করা হবে।

রাজস্ব আয়ের বড় অংশ এসেছে টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিক্রি থেকে, যার পরিমাণ ৪২৬ কোটি ডলার। টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৩০০ কোটি ডলার এবং পৃষ্ঠপোষকতা ও লাইসেন্সিং থেকে এসেছে আরও ৩২০ কোটি ডলার। এ ছাড়া ফিফার আরও কয়েকটি আয়ের উৎস রয়েছে।

এবার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে যাওয়ায় টিকিট বিক্রি ও সম্প্রচার স্বত্ব থেকে আয়ের সুযোগও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ফিফা প্রথমবারের মতো মিডিয়া অংশীদারদের মাধ্যমে টিকটক ও ইউটিউব মনিটাইজ করেছে। এসব প্ল্যাটফর্মে প্রতিটি ম্যাচের প্রথম ১০ মিনিট সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

টিকিট বিক্রিতেও এসেছে নতুন কৌশল। এবার ফিফা ডায়নামিক প্রাইসিং পদ্ধতি চালু করেছে। অর্থাৎ চাহিদা যত বেশি, টিকিটের দামও তত বেশি। সে অনুযায়ী ফাইনালের টিকিটের মূল্য প্রায় ১১ হাজার মার্কিন ডলারে পৌঁছেছে। তুলনায় ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের টিকিটের প্রাথমিক দাম ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার। অর্থাৎ এবার সেই দাম প্রায় সাত গুণ বেড়েছে।

এদিকে সংস্থার আয়ের সঙ্গে বেড়েছে ফিফা সভাপতির পারিশ্রমিকও। ২০২৫ সালে তিনি মোট ৬১ লাখ মার্কিন ডলার আয় করেছেন। এর মধ্যে ক্লাব বিশ্বকাপ থেকে পাওয়া বোনাসই ছিল ২৮ লাখ ডলার।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপ শুধু মাঠের প্রতিযোগিতাতেই নয়, আর্থিক দিক থেকেও ফিফার ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। রেকর্ড পরিমাণ পুরস্কার, বিপুল সম্প্রচার আয়, নতুন বাণিজ্যিক কৌশল এবং ডায়নামিক টিকিটিং ব্যবস্থা বিশ্ব ফুটবলের অর্থনৈতিক বিস্তারের নতুন চিত্র তুলে ধরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙামাটিতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ, আশ্রয়কেন্দ্রে ৫০০ মানুষ

রাঙামাটিতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ, আশ্রয়কেন্দ্রে ৫০০ মানুষ

ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, নতুন বিতর্ক

ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, নতুন বিতর্ক

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট সচল, উৎপাদন ১৪৪ মেগাওয়াট

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট সচল, উৎপাদন ১৪৪ মেগাওয়াট

বিপৎসীমার ওপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বিপৎসীমার ওপরে সাঙ্গু-মাতামুহুরীর পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App