সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড, জমে উঠেছে মহারণ
তাহসিনুল বাকী ফাহিম
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম
ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে দুই দলের এই লড়াই ঘিরে সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।
ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ফকল্যান্ড (মালভিনাস) যুদ্ধের স্মৃতি এবং ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক পারফরম্যান্স। সেই আসরে ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র মাধ্যমে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছিল আর্জেন্টিনা।
এবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্ত ছন্দে রয়েছে। নকআউট পর্বে তিন ম্যাচে ৯ গোল করে দলটি টুর্নামেন্টের অন্যতম সফল আক্রমণভাগ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
আরো পড়ুন : আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কাদের এগিয়ে রাখছে সুপারকম্পিউটার?
অন্যদিকে ইংল্যান্ডও কঠিন পথ পেরিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। দলের মাঝমাঠে জুড বেলিংহামের পারফরম্যান্স প্রশংসিত হলেও রক্ষণভাগের দুর্বলতা নিয়ে আলোচনা রয়েছে। ফলে আর্জেন্টিনার আক্রমণভাগের বিপক্ষে ইংল্যান্ডকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্বকাপের ইতিহাসও আর্জেন্টিনার পক্ষে কথা বলে। দলটি যতবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে, প্রতিবারই ফাইনালে জায়গা করে নিয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই এবারও মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই এগোচ্ছে আর্জেন্টিনা। অন্যদিকে বহু প্রতীক্ষিত শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। ফলে বিশ্বকাপের সেমিফাইনালের এই ম্যাচটি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই।
