×

ফুটবল

স্পেন-আর্জেন্টিনা

শিরোপার লড়াইয়ে দুই মহাদেশের সেরা দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম

শিরোপার লড়াইয়ে দুই মহাদেশের সেরা দল

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। অন্যদিকে ইংল্যান্ডকে বিদায় করে শিরোপার লড়াইয়ে উঠেছে আর্জেন্টিনা। গত মার্চে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার নির্ধারিত ফিনালিসিমা অনুষ্ঠিত না হলেও, এবার ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনালেই দেখা হচ্ছে দুই পরাশক্তির।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। ম্যাচটি ঘিরে বাড়তি আকর্ষণ লামিন ইয়ামাল ও লিওনেল মেসির প্রথম মুখোমুখি লড়াই। ১৯ বছর বয়সেই ইয়ামাল কি বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন, নাকি মেসি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবেন, এই প্রশ্নই এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু।

সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত স্পেন ও আর্জেন্টিনা ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। দুই দলই ছয়টি করে জয় পেয়েছে, আর দুটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। এবার সেই সমতা ভাঙার সুযোগ বিশ্বকাপের ফাইনালে।

আরো পড়ুন : যে কারণে ফিফার শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপে অবশ্য দুই দলের দেখা হয়েছে মাত্র একবার। সেটি হয়েছিল ১৯৬৬ সালের আসরের গ্রুপ পর্বে। সেই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে জোড়া গোল করেছিলেন লুইস আর্তিমে, আর স্পেনের একমাত্র গোলটি করেছিলেন পিরি। সেই সময় বর্তমান দুই দলের কোনো খেলোয়াড়ই জন্মগ্রহণ করেননি। এমনকি আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনিরও জন্ম হয়নি। আর স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের বয়স ছিল মাত্র পাঁচ বছর।

দুই দলের সর্বশেষ লড়াই হয়েছিল ২০১৮ সালে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে স্পেন ৬-১ গোলের বড় জয় তুলে নেয়। তখন আর্জেন্টিনার কোচ ছিলেন হোর্হে সাম্পাওলি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাওয়া সেই জয়ে দাপট দেখিয়েছিল লা রোহা।

তবে সেই ম্যাচের পর দুই দলের চেহারাই বদলে গেছে। স্কালোনির অধীনে আর্জেন্টিনা জিতেছে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ। অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের নেতৃত্বে স্পেন ঘরে তুলেছে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা। দুই দলই এখন বিশ্বের সেরা শক্তিগুলোর একটি।

বিশ্বকাপে এবারই প্রথম নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। ইতিহাস, পরিসংখ্যান আর বর্তমান ফর্ম—সব মিলিয়ে ফুটবল বিশ্বের নজর এখন এই মহারণের দিকেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ রথযাত্রা, সম্প্রীতির বন্ধনে শুরু মহোৎসব

আজ রথযাত্রা, সম্প্রীতির বন্ধনে শুরু মহোৎসব

রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ আজ

রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ আজ

শিরোপার লড়াইয়ে দুই মহাদেশের সেরা দল

স্পেন-আর্জেন্টিনা শিরোপার লড়াইয়ে দুই মহাদেশের সেরা দল

ইতিহাসের পাতায় আজকের এই দিনে

১৬ জুলাই ইতিহাসের পাতায় আজকের এই দিনে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App