আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না: ক্যাসিয়াস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ও ২০১০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তার বিশ্বাস, এবারের আসরে আর্জেন্টিনা ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জিততে পারবে না; বরং স্পেনই নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যাসিয়াস লিখেছেন, “তোমরা এবার চতুর্থ তারকা পাচ্ছো না। চতুর্থ তারকার কোনো সুযোগ নেই। এবার আমাদের দ্বিতীয় তারকা জয়ের পালা। এগিয়ে যাও স্পেন।”
বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচে ইংল্যান্ড শুরুতে এগিয়ে গেলেও তাদের রক্ষণাত্মক কৌশলের তীব্র সমালোচনা করেন স্পেনের সাবেক অধিনায়ক।
ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে লিড নেয় ইংল্যান্ড। তবে গোল করার পর কোচ টমাস টুখেলের দল আক্রমণাত্মক খেলা থেকে সরে এসে রক্ষণ সামলানোর দিকেই বেশি মনোযোগ দেয়।
আরো পড়ুন: হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ
ইংল্যান্ডের কৌশল নিয়ে ক্যাসিয়াস বলেন, “গোল করার পরই তারা পুরো দল নিয়ে নিচে নেমে যায়। এটি ছিল একেবারে কাপুরুষোচিত কৌশল। নিজেদের ডি-বক্সের বাইরে তারা প্রায় বেরই হয়নি। ফলে আর্জেন্টিনা বারবার আক্রমণের সুযোগ পেয়েছে। এমন অবস্থায় ম্যাচের ফল অন্যরকম হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল।”
ম্যাচ শেষে দেওয়া আরেক পোস্টে তিনি লেখেন, “নিজেদের ভুল রণকৌশলের কারণেই ইংল্যান্ড হেরেছে। শেষ ৩০ মিনিট তারা পুরো ম্যাচের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার হাতে তুলে দিয়েছে।”
ইংল্যান্ডের রক্ষণ ভেঙে শেষ পর্যন্ত সমতায় ফেরে আর্জেন্টিনা। ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করে ব্যবধান সমান করেন। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচটি জিততে পারলে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার এবং ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে। অন্যদিকে স্পেন জয় পেলে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেবে।
