স্টেডিয়ামের বেহাল দশা, প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। তবে খেলাধুলার উপযোগী পরিবেশের অভাব, নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় জর্জরিত স্টেডিয়ামটি। রোববার (৯ আগস্ট) আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব অনিয়মের সত্যতা পান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে স্টেডিয়ামের প্রশাসক শফি কামাল স্বপ্নিলকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে স্টেডিয়ামের উত্তর পাশের বৈদ্যুতিক কাজ, বর্জ্য অপসারণ ও সার্বিক পরিচ্ছন্নতার বিষয়ে প্রশাসককে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পার হলেও এসব নির্দেশনা বাস্তবায়নে তিনি ব্যর্থ হন।
আরও পড়ুন: তামিমের যেসব পরিকল্পনায় বদলে যাচ্ছে দেশের ক্রিকেট
রোববার স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে বিষয়গুলো সরেজমিনে দেখে প্রশাসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
এদিকে স্টেডিয়ামে শৃঙ্খলা ফেরাতে এর চারপাশে থাকা সব দোকানের বরাদ্দও তাৎক্ষণিকভাবে বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। বরাদ্দ বাতিলের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ‘আমার এখান থেকে দোকান ভাড়ার আয় দরকার নাই।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, দোকানগুলোর বরাদ্দ বাতিলের বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
পরে এসব দোকানের জায়গায় প্রথম ও দ্বিতীয় বিভাগের বিভিন্ন ক্লাবের অফিস বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ক্লাবগুলো যেন নিজেদের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারে, সে ব্যবস্থা করা হবে।
