×

ফুটবল

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

বাবার সঙ্গে ডিয়েগো ম্যারাডোনা। ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর মামলায় আদালতে জমা দেওয়া মেডিকেল পরীক্ষার রিপোর্ট নিয়ে বড় ধরনের ভুলের ঘটনা সামনে এসেছে। যে রিপোর্টগুলো ম্যারাডোনার বলে মামলার তদন্তে ব্যবহার করা হয়েছিল, সেগুলো আসলে তাঁর বাবার। দেশটির স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান সুইস মেডিকেল বিষয়টি স্বীকার করেছে।

ম্যারাডোনার মৃত্যুর কারণ তদন্তে গঠিত মেডিকেল কমিশনের কাছে দেওয়া পরীক্ষার রিপোর্টগুলো ভুলবশত ‘দিয়েগো আরমান্দো ম্যারাডোনা’র নামে নথিভুক্ত করা হয়েছিল। তবে পরে জানা যায়, সেগুলো ছিল তাঁর বাবা দিয়েগো সালুস্তিয়ানো ম্যারাডোনার মেডিকেল রিপোর্ট। ম্যারাডোনার বাবার নামও ছিল দিয়েগো।

আরও পড়ুন: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

সোমবার বার্তা সংস্থা এএফপির হাতে আসা সুইস মেডিকেলের একটি চিঠিতে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে। চিঠিতে বলা হয়েছে, তদন্তকারী মেডিকেল কমিশনের কাছে সরবরাহ করা পরীক্ষার রিপোর্টগুলো ভুল করে দিয়েগো আরমান্দো ম্যারাডোনার নামে সংরক্ষিত হয়েছিল। যাচাইয়ের পর দেখা যায়, রিপোর্টগুলো আসলে তাঁর বাবা দিয়েগো সালুস্তিয়ানো ম্যারাডোনার।


ম্যারাডোনার বাবা ২০১৫ সালে মারা যান—ছেলের মৃত্যুর পাঁচ বছর আগে।

গত সপ্তাহে ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সাত স্বাস্থ্যকর্মীর একজনের আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনেন। এরপর জানা যায়, মামলার শেষ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ মেডিকেল বিশ্লেষণও ভুল রিপোর্টের ভিত্তিতে করা হয়েছিল।

ম্যারাডোনার চিকিৎসায় কিডনির অবস্থা ছিল গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক নেফ্রোলজিস্ট আদালতে সাক্ষ্য দিয়ে জানিয়েছিলেন, চিকিৎসকদের ম্যারাডোনার কিডনির সমস্যাকে আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, ওই বিশেষজ্ঞের বিশ্লেষণের ভিত্তি ছিল ম্যারাডোনার নিজের নয়, তাঁর বাবার মেডিকেল পরীক্ষার ফল।

এই ভুল সামনে আসার পর মামলার কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এতে বিচারপ্রক্রিয়া নতুন করে জটিলতার মুখে পড়েছে। এর আগে বিচারকদের একজনের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠায় গত বছর মামলাটির প্রথম দফার বিচারপ্রক্রিয়াও বাতিল হয়ে গিয়েছিল।


আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার অস্ত্রোপচারের প্রায় দুই সপ্তাহ পর বুয়েনস এইরেসের তিগ্রে এলাকায় ভাড়া নেওয়া একটি বাড়িতে তাঁর মৃত্যু হয়। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং ফুসফুসে অতিরিক্ত তরল জমে তাঁর মৃত্যু হয়েছিল বলে তদন্তে উঠে আসে।

ম্যারাডোনার চিকিৎসার সঙ্গে যুক্ত সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা তাঁর গুরুতর শারীরিক অবস্থার যথাযথ মূল্যায়ন করেননি এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছেন। তবে অভিযুক্তরা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত এপ্রিল থেকে নতুন করে শুরু হওয়া বিচারপ্রক্রিয়া অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। আগামী বৃহস্পতিবার আবার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯৯৯ সেবায় ব্যর্থতা, হাইকোর্টের রুল জারি

৯৯৯ সেবায় ব্যর্থতা, হাইকোর্টের রুল জারি

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন

স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App