লজ্জার রেকর্ডের সামনে মেসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত
মাঠ ও মাঠের বাইরে কঠিন সময় পার করছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গত ৮ আগস্ট বাবা হোর্হে মেসিকে হারানোর পর ১৩ আগস্ট মাঠে ফেরেন তিনি। এরপর থেকে ইন্টার মায়ামির হয়ে টানা চার ম্যাচে জয়হীন মেসি।
সবশেষ টরন্টো এফসির বিপক্ষে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ওই ম্যাচে গোল করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি মেসি। আগামী শনিবার (২৯ আগস্ট) সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে মায়ামি জয় না পেলে মেসির পেশাদার ক্যারিয়ারে ব্যক্তিগতভাবে সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারার সমান হবে।
মেসির ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারা এসেছিল ২০১৩ সালে বার্সেলোনার হয়ে। সেবার টানা পাঁচ ম্যাচে জয় পায়নি কাতালান ক্লাবটি। চারটি ম্যাচ ড্র হয়েছিল এবং একটি ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা।
আরও পড়ুন: মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!
মন্ট্রিয়েলের বিপক্ষে জয় না পেলে সেই পাঁচ ম্যাচের জয়হীন ধারায় পৌঁছে যাবেন মেসি। ফলে ম্যাচটি ইন্টার মায়ামির জন্য গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবেও অস্বস্তিকর একটি রেকর্ড এড়ানোর সুযোগ হয়ে উঠেছে আর্জেন্টাইন তারকার জন্য।
তবে দল খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে মেসি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন। টরন্টোর বিপক্ষে গোল করার আগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষেও গোল ও অ্যাসিস্ট করেছিলেন তিনি। সবশেষ চার ম্যাচে তাঁর গোল দুটি ও অ্যাসিস্ট একটি।
এর আগে ২০২৫ সালেও ইন্টার মায়ামি টানা চার ম্যাচ জয়হীন ছিল। সেই সময় দুটি ম্যাচে ড্র এবং দুটিতে হেরেছিল দলটি। তবে সেই কঠিন সময় দ্রুত কাটিয়ে পরের পাঁচ ম্যাচেই জয় পেয়েছিল মায়ামি।
এবারও একইভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় মেসি ও তাঁর সতীর্থরা। আগামী শনিবার মায়ামির ঘরের মাঠে সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচটি তাই শুধু তিন পয়েন্টের লড়াই নয়, মেসির জন্যও হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
