×

ফুটবল

মেসিকে বিদায় জানিয়ে এনজোর হৃদয়ছোঁয়া বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ এএম

মেসিকে বিদায় জানিয়ে এনজোর হৃদয়ছোঁয়া বার্তা

ছবি : সংগৃহীত

লিওনেল মেসির সঙ্গে একদিন আর্জেন্টিনার জার্সিতে খেলতে পারবেন কি না—ছোটবেলায় এমন হিসাব কষতেন এনজো ফার্নান্দেজ। সেই স্বপ্ন শুধু পূরণই হয়নি, নিজের আদর্শের সঙ্গে মাঠ ভাগ করে নেওয়ার পাশাপাশি মেসির সঙ্গে বিশ্বকাপও জিতেছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

জাতীয় দল থেকে মেসির অবসরের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ছোটবেলার সেই স্বপ্নের গল্প তুলে ধরেছেন এনজো।

মেসিকে উদ্দেশ করে এনজো লিখেছেন, লিও যখন জাতীয় দল থেকে অবসরের কথা জানান, তখন তার খুব কষ্ট হয়েছে। ছোটবেলায় তিনি মেসির বয়স ও নিজের বয়স মিলিয়ে হিসাব করতেন—কখন মেসির সঙ্গে আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ হতে পারে।

এনজো বলেন, বিষয়টি শুনতে হয়তো বোকামি মনে হতে পারে। কিন্তু তিনি সত্যিই এমনটা করতেন। মেসির আর কত বছর খেলা বাকি এবং নিজের পেশাদার ফুটবলে পৌঁছাতে কত সময় লাগবে—এসব হিসাব করেই স্বপ্ন দেখতেন অন্তত একবার হলেও মেসির সঙ্গে জাতীয় দলের হয়ে খেলবেন।

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হারের পর মেসি যখন প্রথমবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন, তখনও এনজোর বয়স ছিল খুব কম। পরে মেসি সিদ্ধান্ত বদলে আবার আর্জেন্টিনার জার্সিতে ফিরলে যেন প্রাণ ফিরে পায় সেই স্বপ্ন।

এনজো লিখেছেন, ভাগ্য ভালো মেসি ফিরে এসেছিলেন। এরপর তার জীবন ছোটবেলার কল্পনার চেয়েও সুন্দর হয়ে ওঠে।

মেসির সঙ্গে শুধু মাঠে খেলার সুযোগই নয়, জাতীয় দলের ক্যাম্প, ড্রেসিংরুম এবং কঠিন সময়ও ভাগ করে নিয়েছেন এনজো। সবচেয়ে বড় অর্জন হিসেবে পেয়েছেন একসঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব।

এনজোর ভাষায়, তিনি শুধু মেসির সঙ্গে খেলেননি; একসঙ্গে ক্যাম্প করেছেন, ড্রেসিংরুম ভাগ করেছেন, কথা বলেছেন, আলিঙ্গন করেছেন, কঠিন সময় পার করেছেন এবং অসাধারণ সব মুহূর্ত উপভোগ করেছেন। শেষ পর্যন্ত একসঙ্গে বিশ্বকাপও জিতেছেন।

তবে মেসির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও আচরণকেই সবচেয়ে বেশি মনে রাখবেন এনজো। জাতীয় দলে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই মেসি যেভাবে তাকে আপন করে নিয়েছিলেন, সেটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এনজো বলেন, নিজের আইডলের সঙ্গে মাঠ ভাগ করে নেওয়ার উত্তেজনা নিয়ে তিনি জাতীয় দলে এসেছিলেন। কিন্তু সেখানে এসে এমন একজন মানুষকে পেয়েছেন, যিনি প্রথম মুহূর্ত থেকেই তাকে দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে অনুভব করিয়েছেন।

আরও পড়ুন: বিদায়ী বার্তায় মেসির হৃদয়ছোঁয়া যত কথা

মেসির ছোট ছোট বিষয়ও তার মনে গেঁথে থাকবে বলে জানিয়েছেন এনজো। মেসির একটি ভালো কথা, পরামর্শ, আলিঙ্গন কিংবা প্রয়োজনের সময় শান্ত করে দেওয়া একটি আচরণও তিনি কখনো ভুলবেন না।

মেসিকে ছাড়া আর্জেন্টিনা দলের পরবর্তী ক্যাম্প কল্পনা করাও তার জন্য কঠিন বলে জানিয়েছেন এনজো। এত বছর মাঠে ১০ নম্বর জার্সিতে মেসিকে দেখে অভ্যস্ত হওয়ার পর তাকে ছাড়া জাতীয় দলকে ভাবাটা কঠিন বলেই মনে করছেন তিনি।

চিঠির শেষ দিকে আবারও ফিরে আসেন ছোটবেলার সেই বয়সের হিসাবের গল্পে। এনজো বলেন, সেই ছোট্ট ছেলেটি কতটা ভাগ্যবান ছিল, যে একসময় হিসাব কষত মেসির সঙ্গে খেলতে পারবে কি না—কিন্তু তখন জানতই না সে আদৌ এতদূর পৌঁছাতে পারবে কি না।

মেসিকে ধন্যবাদ জানিয়ে এনজো লিখেছেন, তার সঙ্গে যেভাবে আচরণ করেছেন, যা কিছু শিখিয়েছেন এবং তার অসাধারণ গল্পের একটি অংশ ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য তিনি চিরকৃতজ্ঞ থাকবেন।

সবশেষে বিশ্বকাপজয়ী অধিনায়ককে আবেগঘন বিদায় জানিয়ে এনজোর বার্তা—‘আপনাকে আমরা অনেক মিস করব, অধিনায়ক।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

মেসিকে বিদায় জানিয়ে এনজোর হৃদয়ছোঁয়া বার্তা

মেসিকে বিদায় জানিয়ে এনজোর হৃদয়ছোঁয়া বার্তা

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App