×

ফুটবল

বিদায়ী বার্তায় মেসির হৃদয়ছোঁয়া যত কথা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম

বিদায়ী বার্তায় মেসির হৃদয়ছোঁয়া যত কথা

ছবি : সংগৃহীত

দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করার পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন বার্তায় জাতীয় দলকে বিদায় জানান।

সোমবার নিজের বিদায়ের সিদ্ধান্ত জানিয়ে ৩৯ বছর বয়সী এই ফুটবল মহাতারকা বলেন, দীর্ঘ চিন্তা-ভাবনার পর তিনি উপলব্ধি করেছেন যে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকেই মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।

ফাইনালের দুই দিন পরই বিদায়ের অনুভূতি লিখে রেখেছিলেন মেসি। তবে তখন তা প্রকাশ করেননি। এক মাসের বেশি সময় পর সেই বার্তাই প্রকাশ করে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি।

মেসি লিখেছেন, অনেক সময় পার হওয়ার পর এবং গভীরভাবে চিন্তা করে তিনি সবাইকে জানাতে চান যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন। সিদ্ধান্তটি নেওয়া অত্যন্ত কঠিন ছিল এবং এখনও তাকে মানসিকভাবে কষ্ট দেয়। তারপরও তিনি মনে করেন, বিদায় নেওয়ার জন্য এটাই সঠিক সময়।

আরও পড়ুন: জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের ভালোবাসা ও দায়বদ্ধতার কথাও তুলে ধরেছেন এই কিংবদন্তি ফুটবলার। তিনি বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই দেশের হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। শুধু শেষ কয়েক বছর, যখন দল বড় বড় শিরোপা জিতেছে, তখনই নয়—সব সময়ই আর্জেন্টিনার জার্সির জন্য লড়াই করেছেন।

মেসির ভাষায়, ফুটবলের মাধ্যমে দেশের মানুষকে আনন্দ দেওয়া এবং একজন আর্জেন্টাইন হিসেবে তাদের গর্বিত করাই ছিল তার অন্যতম লক্ষ্য।

বিদায়ের পেছনে নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। মেসি বলেন, জীবনের বিভিন্ন অধ্যায় একসময় শেষ হয়। জাতীয় দলের অধ্যায় শেষ করা তার জন্য অত্যন্ত কষ্টের হলেও তিনি মনে করেন, দলে জায়গা পাওয়ার যোগ্য অনেক তরুণ ও প্রতিভাবান ফুটবলার উঠে আসছেন।

দীর্ঘদিনের সমর্থনের জন্য আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। তিনি জানান, গত দুই দশকের ভালোবাসা কখনো ভুলবেন না। মাঠে দাঁড়িয়ে সমর্থকদের গর্জন শোনা তিনি ভীষণভাবে মিস করবেন।

তবে জাতীয় দল থেকে বিদায় নিলেও আর্জেন্টিনার প্রতি তার সমর্থন অটুট থাকবে বলে জানিয়েছেন মেসি। এখন থেকে একজন সাধারণ সমর্থকের মতোই দলের পাশে থাকবেন তিনি সুসময়ে যেমন, তেমনি দুঃসময়ে আরও বেশি করে।


বিদায়ী বার্তায় নিজের পরিবার, কোচ, সতীর্থ এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান মেসি। দীর্ঘ ও কঠিন এই যাত্রাপথে পাশে থাকার জন্য পরিবারের প্রতি বিশেষ ধন্যবাদ জানান তিনি।

মেসি বলেন, ক্যারিয়ারের অসংখ্য স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে বিদায় নিচ্ছেন তিনি। সতীর্থদের সঙ্গে মিলে দেশের মানুষের জন্য স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পারাটাই তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।

বার্তার শেষদিকে মেসি লেখেন, আর্জেন্টাইন হিসেবে জন্ম নেওয়ার সুযোগ দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে দেশের ফুটবল দলের প্রতি চিরন্তন ভালোবাসার কথাও তুলে ধরেন।

তবে তার বিদায়ী বার্তার শেষের কয়েকটি কথা বিশেষভাবে আলোচনায় এসেছে। মেসি জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালের দুই দিন পর অর্থাৎ ২১ জুলাই তিনি প্রথম এই কথাগুলো লিখেছিলেন। পরবর্তী সময়ে পারিবারিক একটি ঘটনার পর নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি আরও দৃঢ় হন।

আরও পড়ুন: স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

গত ৮ আগস্ট রোসারিওতে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার মৃত্যু হয়। মেসির ফুটবল ক্যারিয়ারের শুরু থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন ছিলেন তার বাবা। বাবার মৃত্যু তার জীবনে গভীর প্রভাব ফেলেছে বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।

২০০৫ সালে আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। এরপর প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি দেশকে এনে দিয়েছেন বহু স্মরণীয় সাফল্য। তার নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে ২০২২ সালের বিশ্বকাপ এবং টানা দুটি কোপা আমেরিকার শিরোপা।

২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন মেসি। যদিও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা, তবু দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানছেন তিনি।

আরও পড়ুন: শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

একসময় জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা না জেতার আক্ষেপ ছিল মেসির ক্যারিয়ারের অন্যতম বড় বেদনা। কিন্তু সময়ের সঙ্গে সেই আক্ষেপকে জয় করে বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা এনে দিয়েছেন দেশকে।

দুই দশকের অসংখ্য স্মৃতি, অর্জন ও আবেগের পর এবার সত্যিই আকাশি-সাদা জার্সির সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেন লিওনেল মেসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হঠাৎ কেন জাতীয় দল ছাড়লেন মেসি, জানা গেল কারণ

হঠাৎ কেন জাতীয় দল ছাড়লেন মেসি, জানা গেল কারণ

নতুন পে-স্কেলের ভাতা কবে, জানাল সরকার

নতুন পে-স্কেলের ভাতা কবে, জানাল সরকার

মেসির অবসরে আবেগঘন বিদায়ী বার্তা আর্জেন্টিনার

মেসির অবসরে আবেগঘন বিদায়ী বার্তা আর্জেন্টিনার

‘অপহরণ’ নয়, প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় চলে যাওয়ার দাবি নববধূর

‘অপহরণ’ নয়, প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় চলে যাওয়ার দাবি নববধূর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App