জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম
ছবি: সংগৃহীত
জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটি সারাদেশের ৭ বিভাগে ভিন্ন ভিন্ন দিনে সমাবেশের আয়োজন করবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
দলটির ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দল। এরপর পর্যায়ক্রমে ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল ও ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে তারা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের লিঁয়াজো কমিটির সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিঁয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, আজকে আমাদের শীর্ষ নেতাদের বৈঠক থেকে এসব কর্মসূচি ঘোষণা হয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, 'জেলাভিত্তিক ১১ দলের সিনিয়র নেতারা সফর করবেন, এ সময় আমাদের জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা হবে। সবশেষে অক্টোবরে আমরা ঢাকায় একটা বড় সমাবেশ করবো।'
তিনি আরো বলেন, 'সরকার প্রশাসনে অনেক বেশি দলীয়করণ করছে। নিয়োগ বাণিজ্য, স্থানীয় নির্বাচন না দিয়ে নিজেদের লোকজনকে পদে বসাচ্ছে। আমরা দেশবাসীকে সচেতন করছি। জনগনের সমস্যা সমাধানের জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে জনগনকে নিয়ে রাজপথে আন্দোলন করবো।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দীন আহমেদ, বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান সহ ১১ দলের শীর্ষ নেতারা।
