×

সরকার

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

স্নাতক (অনার্স) পর্যন্ত মেয়েদের ফ্রি বেতন ব্যবস্থার পাশাপাশি ভালো ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ এবং কৃষিপণ্যের সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের কথাও জানান তিনি।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, অতীতে মেয়েদের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা ছিল। এবার সেই সুবিধা স্নাতক (অনার্স) পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় থাকা শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো ফল করবে, তাদের মেধার ভিত্তিতে বৃত্তি দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।

মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

কৃষি খাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পেঁয়াজ ও রসুনের অপচয় কমানো, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সংরক্ষণব্যবস্থা আধুনিক করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অংশীদারিত্বভিত্তিক পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩ হাজার ৫০০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

এ ছাড়া ‘কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন’ প্রকল্পের আওতায় ফরিদপুরসহ বিভিন্ন উৎপাদন এলাকায় ৯০০টি মডেল সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে। প্রতিটি সংরক্ষণাগারের ধারণক্ষমতা ১০ থেকে ১২ টন।

প্রধানমন্ত্রী বলেন, এসব প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বাজারসংযোগ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে পেঁয়াজ ও রসুনের পচনশীলতা কমছে এবং সংরক্ষণ সক্ষমতা বাড়ছে।

তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৯ হাজার কৃষকের মধ্যে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ‘বায়ুপ্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন’ শীর্ষক নতুন একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ফরিদপুরসহ দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী এলাকায় মোট ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন স্থাপন করা হবে।

তিনি বলেন, এ প্রযুক্তি ব্যবহারের ফলে পেঁয়াজ ও রসুনের অপচয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং কৃষকরা মৌসুম শেষে ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত পণ্য বিক্রির আরও ভালো সুযোগ পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনার প্রতি ফিফার পক্ষপাত, যা বললেন মিশরের কোচ

আর্জেন্টিনার প্রতি ফিফার পক্ষপাত, যা বললেন মিশরের কোচ

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সতর্কবার্তা

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সতর্কবার্তা

আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ী আটক

আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ী আটক

ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন

মন্ত্রীকে স্পিকার ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App