টানা ছুটি শেষে স্কুল-মাদরাসা খুলছে আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম
ছবি: সংগৃহীত
দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোর টানা ছুটি শেষ। আজ সোমবার থেকে খুলছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। শুরু হয়েছে যথারীতি ক্লাস। তবে কলেজের ছুটি চলবে আরও কিছুদিন। ১ নভেম্বর থেকে কলেজগুলোতে ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
তথ্যমতে, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা বন্ধ ছিল।
এদিকে, ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ এবং ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর রোববার (২৫ অক্টোবর) লক্ষ্মীপূজার ছুটি পড়েছে। এতে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
অন্যদিকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও বেশি। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ১৮ অক্টোবর থেকে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি শুরু হয়। এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর।
৩০ ও ৩১ অক্টোবর শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে টানা ছুটি শেষে ১ নভেম্বর দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে যথারীতি ক্লাস শুরু হবে।
