×

সরকার

মির্জা ফখরুল

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের, আর এই সম্পর্ক সহজে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক সম্পর্কে পারস্পরিক আস্থা ও সহযোগিতার একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে। বাংলাদেশ চায়, চীনের মতো একটি শক্তিশালী দেশ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় আরো সক্রিয়ভাবে পাশে থাকুক।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন (বিসিএফএ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ বাণিজ্য, নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে অংশীদারত্ব আরো সম্প্রসারণ করছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরো বিস্তৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বে অন্যায়, আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা চীনের রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় দেশটিকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। বাংলাদেশও এ ধরনের উদ্যোগে চীনের পাশে থাকতে আগ্রহী।

আরো পড়ুন : এলডিসি উত্তরণে সময় বাড়ানোর দাবি বাণিজ্যমন্ত্রীর

বিএনপি মহাসচিব বলেন, চীনের ক্ষমতাসীন দল চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিপিসি) সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। বিরোধী দলে থাকার সময়ও, যখন ‘ফ্যাসিস্ট সরকার’ তাদের ওপর দমন-পীড়ন চালিয়েছে বলে তিনি দাবি করেন, তখনও সিপিসির সঙ্গে বিএনপির যোগাযোগ অব্যাহত ছিল।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, একসময় বিএনপির ধারণা ছিল, চীন শুধু আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। তবে পরে তারা উপলব্ধি করেন, চীন বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং দেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী।

মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় চেয়েছি, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক জাতীয় স্বার্থে আরো শক্তিশালী হোক। আমরা চাই, চীনের মতো একটি শক্তি অর্থনৈতিকভাবে আমাদের পাশে থাকুক।

তিনি বলেন, বাংলাদেশ একই সঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।

দেশের প্রায় চার কোটি বেকার তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে চীনের প্রযুক্তি, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তার মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি আরো বলেন, আমরা বাস্তবায়ন দেখতে চাই। যেসব ক্ষেত্রে চীনের প্রযুক্তি প্রয়োজন, সেসব ক্ষেত্রে চীন দ্রুত এগিয়ে আসুক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং সংসদ সদস্য শিমুল বিশ্বাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসির ঘাড়ে এমবাপ্পের নিঃশ্বাস!

গোল্ডেন বুটের মহাযুদ্ধ মেসির ঘাড়ে এমবাপ্পের নিঃশ্বাস!

দেশের আট অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের আট অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের চারপাশে থাকবে কুমির

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের চারপাশে থাকবে কুমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App