সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১২:১২ পিএম
ছবি : সংগৃহীত
সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এআই টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে সব সিনিয়র সচিব ও সচিবকে এ নির্দেশনা পাঠানো হয়।
চিঠিতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ।
চিঠিতে বলা হয়েছে, সরকারি বিভিন্ন দপ্তরে দাপ্তরিক কাজের গতি ও দক্ষতা বাড়াতে এআই টুলের ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এসব প্রযুক্তি অসতর্কভাবে ব্যবহার করলে সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
আরো পড়ুন : দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা
এ পরিস্থিতিতে সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে এআই ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি রাষ্ট্রীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ উদ্দেশে সব মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরকে দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
