কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই কিছু দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। রাজপথে বিশৃঙ্খলা করে কেউ যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার এখনই সময়। মানুষ ফ্যাসিবাদকে বিদায় করেছে। এখন সবাইকে হাতে হাত রেখে রাষ্ট্র মেরামতে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে জনগণকেও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরো পড়ুন: ‘যারা বিশৃঙ্খলা করে বিভ্রান্তি তৈরি করবে, তাদের রুখে দিতে হবে’
দেশের উন্নয়নে কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার। শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করবে।
মৎস্যসম্পদ উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব খাল ও নদীতে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে মৎস্যসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
কৃষকদের বিষয়ে তারেক রহমান বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী কৃষকদের পাশে দাঁড়ানো হবে। কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত নারী শিক্ষার্থীদের বিনা খরচে পড়াশোনার সুযোগ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। ভালো ফলাফল করা ছাত্রীদের উপবৃত্তি দেওয়া হবে বলেও তিনি জানান। পাশাপাশি সারাদেশের দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার উদ্যোগের কথাও উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। মানুষের কল্যাণে যে কাজ সবচেয়ে বেশি উপকার বয়ে আনবে, সরকার সেটিই করতে চায়।
