তথ্যমন্ত্রী
সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও মান ক্ষুণ্ন না হয়
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি: ভোরের কাগজ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, উন্নয়নে বাধাগ্রস্ত হয়, সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও মান ক্ষুণ্ন না হয়, সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কাকে বাদ দিতে হবে আর কাকে রাখতে হবে, এই ধরনের অপসংস্কৃতি থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। এ সরকারের সময় দেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে ও সুস্থ সমাজব্যবস্থা গঠনে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, আপনারা জানেন, ভোলায় সাংবাদিকদেরকে আমি কখনো নিয়ন্ত্রণ করার চেষ্টা করিনি, ভবিষ্যতেও করব না। নীতিমালা করে হয়তো আমি একটা কিছু করতে পারব, কিন্তু সাংবাদিকদের নীতি এবং নৈতিকতার পরিবর্তন না হলে নীতিমালা করেও কোনো পরিবর্তন আনা সম্ভব হবে না।
আরও পড়ুন: ‘আ.লীগ-জাতীয় পার্টি’র লোকজন নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
মন্ত্রী আরও বলেন, ২০০৮ সাল থেকে আমি আমার বাবার হাত ধরে এই ভোলার মাটিতে রাজনীতিতে প্রবেশ করি। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না আমার দ্বারা কারও ক্ষতি হয়েছে। আমার বাবার মৃত্যুর পর আপনারা যেভাবে আমার বাবাকে ভালোবেসেছেন, ঠিক তেমনি ভাবে আমাকেও আপনারা ভালোবেসেছেন বলেই ২০০৯ সালেও দল-মত নির্বিশেষে আপনারা আমার পাশে ছিলেন, সেই কথা আমি ভুলিনি। তারই ধারাবাহিকতায় ২০২৬-এর নির্বাচনেও আপনারা আমার পাশে ছিলেন।
টাকা দিয়ে বা কাউকে কিছু দিয়ে খুশি করা যায় না। স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকলে সব কিছু সম্ভব। আপনারা আপনাদের মতো কাজ করবেন, আমার এলাকার উন্নয়নে যদি কোনো দুর্নীতি হয়, সেগুলো আপনারা তুলে ধরবেন।
ভোলায় মাদকের ভয়াবহ বিস্তার হয়েছে, আমাদের ছাত্রসমাজ, যুবসমাজকে রক্ষা করতে হলে ভোলাকে মাদকমুক্ত করার জন্য আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এই মতবিনিময় সভায় ভোলার সকল গণমাধ্যমকর্মী, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
