ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। আর এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালের রোগী ছিলেন। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকার বাইরে দুজন এবং রংপুর সিটি করপোরেশন এলাকার বাইরে একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১১০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ১১৩ জন ভর্তি হয়েছেন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৫ জন।
আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের
এ ছাড়া বরিশাল বিভাগে ১৯১ জন, খুলনায় ১৪১ জন, রাজশাহীতে ১২৮ জন, চট্টগ্রামে ১০৫ জন, ময়মনসিংহে ৮০ জন, রংপুরে ৭২ জন এবং সিলেটে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব রাখছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। একই বছর এ রোগে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।
