অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:৩১ পিএম
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত
নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে ভারতের পার্লামেন্টে বিক্ষোভে নেমেছেন বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও তুলেছে কংগ্রেস।
বুধবার (২২ জুলাই) সকালে কালো পোশাক পরে পার্লামেন্ট ভবনের বাইরে অবস্থান নেন কংগ্রেসের সংসদ সদস্যরা। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন বিরোধী দলের আইনপ্রণেতারাও। সরকারবিরোধী এই কর্মসূচিতে অংশ নিতে সমাজবাদী পার্টির (এসপি) সংসদ সদস্যরা কালো স্কার্ফ পরে উপস্থিত হন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাহুল গান্ধীর নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে শুরু হওয়া আন্দোলন এখন পার্লামেন্ট চত্বরেও ছড়িয়ে পড়েছে।
বিরোধী দলগুলোর দাবি, নিট প্রশ্নপত্র ফাঁস এবং সোমবার রাজধানী দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় সংসদে বিস্তারিত আলোচনা করতে হবে। এ দাবিতে পার্লামেন্ট ভবনের ফটকের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন তারা।
আরো পড়ুন : নিট ইস্যুতে আলোচনায় রাজি মোদী সরকার, প্রত্যাখ্যান কংগ্রেসের
বিক্ষোভে অংশ নিয়ে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, ‘প্রথমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, তারপর আলোচনা হবে। এত শিক্ষার্থীর ওপর লাঠিচার্জের পর এখন শুধু আলোচনা দিয়ে বিষয়টি শেষ করা যাবে না। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অনিবার্য।’
এদিকে বিরোধী দলের দাবির পর সরকার সংসদের উভয় কক্ষে এ বিষয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে। সব দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর কোন নিয়মে বিতর্ক অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে অংশ নিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। পরে রাহুল গান্ধীসহ অন্য কংগ্রেস নেতাদের সঙ্গে তাকেও পুলিশ আটক করেছিল।
