শুভেন্দুকে হত্যার পরিকল্পনা!
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা ও বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) বর্ধমান জেলার রেনেসাঁ হাউজিং এলাকা থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হামিদ মণ্ডল। তদন্তকারীদের দাবি, তিনি জইশ-ই-মোহাম্মদের সঙ্গে সংশ্লিষ্ট একটি শাখা সংগঠনের সদস্য। অভিযানে তার কাছ থেকে শুভেন্দু অধিকারীর চলাফেরা, সফরসূচি ও নিরাপত্তা-সংক্রান্ত কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, শুক্রবার সকালে বর্ধমান জেলা পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের সময় ঘটনাস্থলে আরও একজন উপস্থিত থাকলেও তিনি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, উদ্ধার হওয়া নথিতে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক সফর, ব্যবহৃত গাড়ি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভিআইপি চলাচল-সংক্রান্ত বিভিন্ন তথ্য ছিল। এসব তথ্য কীভাবে সংগ্রহ করা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ আরও দাবি করেছে, হামিদ মণ্ডল পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করতেন। তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর অবস্থান-সংক্রান্ত তথ্য কাশ্মীরে পাঠানোর অভিযোগও তদন্তাধীন রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত কোনো সিদ্ধান্ত আসেনি।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তবে তদন্তের স্বার্থে সেগুলো এখনই প্রকাশ করা হচ্ছে না।
এদিকে, ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এবং এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না। তার দাবি, শুধু তিনি নন, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও নজরদারির আওতায় থাকতে পারেন।
তিনি বলেন, “এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। তদন্তকারী সংস্থাই প্রয়োজনীয় তথ্য জানাবে।”
উল্লেখ্য, এর আগে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। সেই মামলার তদন্তও এখনও চলমান রয়েছে।
