প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী-সন্তানকে হত্যা করলেন স্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের বেঙ্গালুরুর চিক্কাবানাবারা এলাকায় এক ব্যক্তি ও তার পাঁচ বছর বয়সী শিশুপুত্রের রহস্যজনক মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযোগ উঠেছে, ওই ব্যক্তির স্ত্রী কথিত প্রেমিকের সহায়তায় স্বামী ও সন্তানকে হত্যা করেছেন। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম অভিনন্দন (৩৪) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে যদুবীর। ঘটনার রাতে ঘুমানোর জায়গা নিয়ে অভিনন্দন ও তার স্ত্রী হারিণীর মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে হারিণী কাঠের হাতা বা চামচ দিয়ে স্বামীকে আঘাত করেন বলে অভিযোগ।
পরে দুজন আলাদা কক্ষে ঘুমাতে যান। পুলিশের তদন্ত অনুযায়ী, এরপর হারিণী তার কথিত প্রেমিক বিনয়কে বাড়িতে ডেকে আনেন। অভিযোগ রয়েছে, পরে দুজন মিলে অভিনন্দনের ওপর হামলা চালিয়ে বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন।
এ সময় শিশুটি ঘুম থেকে জেগে উঠলে ঘটনাটি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকেও একইভাবে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার পর হত্যাকাণ্ডের আলামত মুছে ফেলতে ঘরের রক্তের দাগ পরিষ্কার করা এবং বাড়ির আশপাশের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে তদন্তকারীদের সন্দেহ।
আরও পড়ুন: স্কুলে গুলি, নিহত দুই শিক্ষার্থী
ঘটনার খবর পাওয়ার পর পুলিশ হারিণীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনার অন্যতম অভিযুক্ত বিনয় পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে কনকপুরার কাছে হেরোহাল্লি ও আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
নিহত বাবা ও শিশুর মরদেহ ময়নাতদন্তের পর তাদের পৈতৃক গ্রামে পাঠানো হয়েছে। বিনয়কে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা গেলে হত্যাকাণ্ডের পুরো ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
