বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ম কঠোর করলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
ছবি: সংগৃহীত
বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসানীতিতে নতুন কড়াকড়ির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিমালা অনুযায়ী, ফেডারেল সরকারের অনুমতি ছাড়া কোনো বিদেশি শিক্ষার্থী চার বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না।
এছাড়া একাডেমিক কার্যক্রম পরিবর্তন এবং এক বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগও সীমিত করা হবে। এতদিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বাড়াতে পারত।
আরো পড়ুন: লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিখোঁজ ৫০ অভিবাসী
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নীতিমালার লক্ষ্য হলো ভিসার অপব্যবহার রোধ করা এবং নিয়মিত যাচাই-বাছাইয়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা জোরদার করা।
এর আগে এফ-১ শিক্ষার্থী ভিসা ও জে-১ এক্সচেঞ্জ ভিসাধারীরা 'ডিউরেশন অব স্ট্যাটাস' নীতির আওতায় ডিগ্রি শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, পড়াশোনা শেষ করা বা অন্য ভিসা শ্রেণিতে পরিবর্তনের পর ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। আগে এই সময়সীমা ছিল ৬০ দিন।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেন, দীর্ঘদিন ধরে অনির্দিষ্ট সময় থাকার সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে অভিবাসন ব্যবস্থা অপব্যবহার করেছেন।
আরো পড়ুন: বাংলাদেশিরাও পাবেন আমিরাতে ৫ বছরের মাল্টিপল ভিসা
অন্যদিকে, বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা নাফসা: অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস নতুন নীতির সমালোচনা করেছে। সংস্থাটির প্রধান নির্বাহী ফ্যান্টা আওর ভাষ্য, এই নীতিমালা কার্যকর একটি ব্যবস্থায় অযথা অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা ও ভয়ের পরিবেশ তৈরি করবে। তাঁর মতে, এটি এমন একটি সমস্যার সমাধানের চেষ্টা, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই।
বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং যুক্তরাষ্ট্রে অভিবাসন সীমিত করার বৃহত্তর নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে এই নতুন ভিসানীতি এনেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে কিছু অভিজাত কলেজে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচক শিক্ষার্থীদের ভিসা বাতিলের উদ্যোগও নিয়েছে প্রশাসন।
