দিল্লিতে সিজেপি'র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:০৬ এএম
সংগৃহীত
ভারতের নয়াদিল্লিতে চলমান বিক্ষোভের মাত্রা আরো তীব্র হওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থেরাজধানীর ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশনে যাত্রীদের প্রবেশ ও বের হওয়া বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে সাতটা থেকে স্টেশনগুলো বন্ধ করা হয়েছে। দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) এক্সে (সাবেক টুইটার) পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়।
আরো পড়ুন: আজও উত্তাল দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় সিজেপি
সংস্থাটি জানায়, বন্ধ থাকা স্টেশনগুলো মধ্যে রয়েছে, লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।
তবে যাত্রীদের সুবিধার জন্য ডিএমআরসি জানায়, রাজীব চৌক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে আন্তঃলাইন পরিবর্তন (ইন্টারচেঞ্জ) করা যাবে। অর্থাৎ, যাত্রীরা এসব স্টেশনে ট্রেন পরিবর্তন করতে পারবেন। তবে স্টেশনের বাইরে বের হওয়া বা বাইরে থেকে ভেতরে প্রবেশ করা যাবে না।
সংস্থাটি তাদের পোস্টে জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশনগুলো আবার খুলে দেওয়া হবে।
আরো পড়ুন: প্রশ্নফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর
এদিকে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ আরো তীব্র হয়েছে। দলটি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিবাদ করছে। একই সঙ্গে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানাচ্ছে। বিক্ষোভকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
দিল্লির যন্তর মন্তর এলাকায় সিজেপির কর্মী-সমর্থকেরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীদের জন্য পরিচয় প্রকাশ না করা কয়েকজন দাতা খাবার ও পানীয়ের ব্যবস্থাও করেছেন বলে জানা গেছে। তাই সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
