আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:৫১ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় বন্যায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি মৌসুমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে পৌঁছেছে।
এদিকে, রাজ্যের অন্তত ১১টি জেলায় প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২১ হাজারের বেশি। সেই সঙ্গে রাজ্যের পাঁচটি প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পরিস্থিতি নিয়ে নতুন করে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আসামে প্রলয়ঙ্করী বন্যার সৃষ্টি হয়েছে। রাজ্যের কার্বি আংলং, গোলাঘাট, চরাইদেও, কামরূপ, শিবসাগর, জোরহাট, ডিব্রুগড়, নগাঁও, ধেমাজি, হোজাই এবং কামরূপ (মেট্রো)—এই ১১টি জেলার প্রায় ৯০০টি গ্রাম বর্তমানে পানির নিচে প্লাবিত।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও
জেলাগুলোর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা শিবসাগরের, যেখানে একাই প্রায় ৩ লাখ ৯২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া দুর্যোগের মুখোমুখি হয়েছেন চরাইদেও জেলার ১ লাখ ১০ হাজার ৭৫৫ জন, জোরহাটের ৯৭ হাজার ৬৯০ জন এবং ডিব্রুগড়ের ১৩ হাজার ৩৯০ জন বাসিন্দা। বন্যায় রাজ্যজুড়ে প্রায় ২৪ হাজার ৮৯৭ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকেরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
মানুষের পাশাপাশি এই প্লাবনে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে প্রাণীসম্পদও। তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ৯৬৫টি গবাদিপশু সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর প্রবল স্রোতে ৫০০টি হাঁস-মুরগিসহ মোট ৫৪০টি প্রাণী ভেসে গেছে। বর্তমানে বুরহিদিহিং, দিখৌ, ধানসিরি (দক্ষিণ) ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। পরিস্থিতি আরও আশঙ্কাজনক করে তুলে ডিসাং নদীর পানি তার ইতিহাসের সর্বোচ্চ বন্যাসীমাও অতিক্রম করেছে।
বিপর্যয় সামাল দিতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ১০৬টি বিশেষ আশ্রয়শিবির ও ৩৮১টি ত্রাণ বিতরণকেন্দ্রসহ মোট ৪৮৭টি সাহায্য কেন্দ্র চালু করেছে। বর্তমানে ২৪ হাজার ৪১৮ জন মানুষ আশ্রয়শিবিরে অবস্থান করছেন এবং আরও প্রায় ২ লাখ ৯০ হাজার ৮২৬ জন মানুষকে এসব কেন্দ্রের মাধ্যমে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। মাঠে মোতায়েন রয়েছে ১১১টি মেডিকেল টিম ও ৫৬টি উদ্ধারকারী নৌকা। এর পাশাপাশি উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে ভারতীয় বিমানবাহিনীর ১টি হেলিকপ্টার নিয়োজিত রাখা হয়েছে। সংকটময় পরিস্থিতি থেকে এখন পর্যন্ত ৮ হাজার ৪০৯ জন মানুষ এবং ৩৫টি প্রাণীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
সূত্র: এনডিটিভি
