ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:৫৬ এএম
ছবি: সংগৃহীত
ফ্রান্সের পাশাপাশি এবার ইউরোপের দেশ স্পেনেও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। দেশটির রাজধানী মাদ্রিদের আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়া পৃথক আগুনগুলো একসঙ্গে মিলে বিশাল এক অগ্নিকাণ্ডে রূপ নিয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) পরিস্থিতি চরম আকার ধারণ করলে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী।
পরিস্থিতির ভয়াবহতা বিচারে স্পেনের ইতিহাসে প্রথমবারের মতো কেবল দাবানলের কারণে রাজধানী মাদ্রিদ ও পার্শ্ববর্তী আভিলা অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার।
জার্মান গণমাধ্যমের সূত্রমতে, প্রাথমিক পর্যায়ে স্পেনের সান মার্তিন ও ভিও দেল প্রাদো এলাকায় আগুনের সূত্রপাত হয়। শুক্রবার সেই বিচ্ছিন্ন আগুন একত্রিত হয়ে প্রায় ৫০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে। বিকেল থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দাবানল দ্রত প্রসারিত হওয়ায় তা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পরিস্থিতি মোকাবেলায় মাদ্রিদের আশপাশের এলাকাগুলো থেকে ২০ হাজারের বেশি অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হঠাৎ বিপুল সংখ্যক মানুষ গৃহহীন হয়ে পড়ায় তীব্র আশ্রয় সংকট দেখা দিয়েছে; বাধ্য হয়ে অনেকেই স্থানীয় জিমনেশিয়াম ও স্কুলের মেঝেতে রাত কাটাচ্ছেন।
আরো পড়ুন: ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের
মাদ্রিদে অবস্থানরত প্রবাসীরা জানান, আগুনের তীব্রতায় এলাকাগুলো ফাঁকা হয়ে গেছে। বিদেশি পর্যটকরা সরে যাওয়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত রেস্তোরাঁগুলো গ্রাহকশূন্য হয়ে পড়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পরিস্থিতিকে ‘অত্যন্ত সঙ্কটজনক’ আখ্যা দিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সিভিল প্রোটেকশন ব্যবস্থার অধীনে চারটি অগ্নিনির্বাপক বিমান চাওয়া হয়েছে। যার মধ্যে গ্রিস ইতিমধ্যে দুটি বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানান, “প্রতিকূল আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে অগ্নিনির্বাপণ কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে জরুরি অবস্থা জারির ফলে এখন বাড়তি বাজেট ও সম্পদ ব্যবহার করা সম্ভব হবে। এছাড়া সামরিক বাহিনীর বিশেষ দুর্যোগ মোকাবিলা ইউনিট ( ইউএমই) সরাসরি উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজে মাঠে নেমেছে।”
