×

আন্তর্জাতিক

বাংলাদেশে নতুন ‘সেল’ গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:২১ পিএম

বাংলাদেশে নতুন ‘সেল’ গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

ছবি : সংগৃহীত

বাংলাদেশে নতুন করে জঙ্গি আস্তানা বা ‘সেল’ গঠনের চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার অনুসারী গোষ্ঠী ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস)। সংগঠনটি বাংলাদেশকে কেন্দ্র করে তাদের আঞ্চলিক নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য নতুন ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৩৮তম নজরদারি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, একিউআইএস বড় কোনো সাংগঠনিক ইউনিট গড়ে তোলার পরিবর্তে ছোট ও বিচ্ছিন্ন বিকেন্দ্রীভূত ‘সেল’ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে সংগঠনটি আঞ্চলিক পর্যায়ে লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।

আরও পড়ুন: ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ, তদন্তে কমিটি

জাতিসংঘের প্রতিবেদনে ২০২৫ সালের নভেম্বরে দিল্লির লাল কেল্লার কাছে হামলার জন্য একিউআইএসকে দায়ী করা হয়েছে। মেট্রো স্টেশনের কাছের একটি ট্রাফিক সিগন্যালে ওই হামলায় ১৫ জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাসায়নিক ও জৈবিক অস্ত্রের ঝুঁকি

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল-কায়েদা ও আইএসআইএল (দায়েশ) দীর্ঘদিন ধরে মারাত্মক রাসায়নিক ও জৈবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে আসছে। প্রযুক্তিগত জটিলতার কারণে এখন পর্যন্ত তারা বড় ধরনের সাফল্য অর্জন করতে না পারলেও অনলাইনে এসব অস্ত্র ও বিষাক্ত উপাদান তৈরির নির্দেশনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ইসিতে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে আইএসআইএল তাদের ইংরেজি ভাষার ম্যাগাজিন ‘ইনভেড’-এ বোটুলিনাম টক্সিন ও সায়ানাইড তৈরির পদ্ধতি প্রকাশ করে। পাশাপাশি ‘রিসিন’ নামের বিষ তৈরিকে কেন্দ্র করেও গোষ্ঠীটি প্রচারণা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের শেষ দিকে ভারতে একজন চিকিৎসকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিদেশে অবস্থানরত আইএসআইএলের একটি সেল তাদের বাংলাদেশ ও ভারতে ব্যবহারের উদ্দেশ্যে রিসিন তৈরির দায়িত্ব দিয়েছিল বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা

এদিকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ধারাবাহিক সংঘর্ষ ও আন্তঃসীমান্ত হামলার কারণে দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনা বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আফগান তালেবান তাদের ভূখণ্ডে কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করলেও জাতিসংঘের পর্যবেক্ষকদের মতে, আফগানিস্তানকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদের হুমকি এখনো বিদ্যমান। তালেবান কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও এসব এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক ‘রাহবারি শুরা’ বা নেতৃত্ব পরিষদের বৈঠকের পর নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন এনেছে। নতুন কাঠামোয় ‘বেলুচিস্তান ও মধ্যাঞ্চল’ এবং ‘কাশ্মীর ও গিলগিট’ নামে দুটি প্রশাসনিক বিভাগ যুক্ত করার পাশাপাশি ‘টিটিপি বিমান বাহিনী’ নামে একটি সামরিক ইউনিট চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

দক্ষিণ এশিয়ায় বাড়ছে আঞ্চলিক জঙ্গি নেটওয়ার্ক

জাতিসংঘের পর্যবেক্ষক দলের তথ্য অনুযায়ী, একিউআইএস বর্তমানে পাকিস্তানে সক্রিয় ‘ইত্তিহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ (টিএমপি)-এর অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে আফগানিস্তানের কাবুলে অবস্থানরত নেতাদের যোগাযোগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আল-কায়েদার প্রচারমাধ্যম ‘আস-সাহাব মিডিয়া ফাউন্ডেশন’ সম্প্রতি তালেবান ও টিটিপির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে বলে জানানো হয়েছে।

২০২৬ সালের ৯ জুন পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক চাপের কারণে আল-কায়েদার কেন্দ্রীয় নেতৃত্ব কিছুটা দুর্বল অবস্থানে থাকলেও দক্ষিণ এশিয়া ও সাহেল অঞ্চলে সংগঠনটির আঞ্চলিক শাখাগুলো নিজেদের প্রভাব ও সহিংস কর্মকাণ্ডের সক্ষমতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদির একান্ত সচিব কে এই নিধি তিওয়ারি

মোদির একান্ত সচিব কে এই নিধি তিওয়ারি

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র, কারণ জানাল জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র, কারণ জানাল জামায়াত

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার নবীন শিক্ষার্থী, শেবাচিমে ভর্তি

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার নবীন শিক্ষার্থী, শেবাচিমে ভর্তি

বাংলাদেশে নতুন ‘সেল’ গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

বাংলাদেশে নতুন ‘সেল’ গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App