যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগানে এক বন্দুকধারীর গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ওই হামলাকারীরও লাশ উদ্ধার করেছে।
শুক্রবার (১৪ আগস্ট) স্থানীয় সময় এ ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে একটি বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে তিনজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। পরে তাকে ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যান হিসেবে শনাক্ত করা হয়। তাকে ধরতে অভিযান শুরু হলে কাছাকাছি একটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরো পড়ুন: কেড়ে নেওয়া হলো ব্রুনেইয়ের রাজবধূর রাজকীয় উপাধি
এদিকে পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়ে জানায়, সন্দেহভাজন ব্যক্তি অস্ত্রধারী ও অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তাই তাকে দেখলে সাধারণ মানুষকে কাছে না গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
তল্লাশির একপর্যায়ে হোয়াইটলক লেকের কাছে একটি বনাঞ্চলে সন্দেহভাজনের গাড়ির সন্ধান পায় পুলিশ। পরে ওই এলাকা থেকে সন্দেহভাজন হিকম্যানের মরদেহ উদ্ধার করা হয়। একই স্থানে আরও একজনের মরদেহ পাওয়া যায়।
ঘটনার পর পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নিহতদের মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল, তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কিংবা গুলিবর্ষণের পেছনে কী উদ্দেশ্য ছিল—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।
নিহত ও আহতদের পরিচয়, বয়স কিংবা লিঙ্গ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। স্বজনদের অবহিত করার পর নিহতদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
