সাপে কামড়ালো ছোট ভাইকে, বাঁচাতে ১৫টি অ্যান্টিভেনম, ১৫০টা চড়!
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:২৫ পিএম
ছবি: সংগৃহীত
জমিতে দুই ভাই মিলে কাজ করছিলেন। হঠাৎ বিষাক্ত সাপের কামড়ে নিস্তেজ হয়ে পড়েন ছোট ভাই। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকেরা জানান, যেকোনোভাবে তাকে জাগিয়ে রাখতে হবে; ঘুমিয়ে পড়লে বিপদ হতে পারে। ভাইকে জাগিয়ে রাখতে তখন অভিনব এক পদ্ধতি বেছে নেন বড় ভাই। এক ঘণ্টায় ছোট ভাইকে প্রায় ১৫০টি চড় মারার সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোই জেলার জ্যোতিনগরে। সাপের কামড়ে আক্রান্ত ২১ বছর বয়সী তরুণের নাম অরুণ। তিনি তার বড় ভাই আকাশের জমিতে ফসলে পানি দিচ্ছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।
ঘটনার পর আকাশ দ্রুত ভাইকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। পথে হাসপাতালের এক কর্মীর সঙ্গে তাদের দেখা হয়। ওই কর্মী নিজের মোটরসাইকেলে করে দুই ভাইকে হাসপাতালে পৌঁছে দেন।
আরও পড়ুন: আলু বিক্রি বাড়াতে দোকানে তরুণীর নাচ, ভাইরাল ভিডিও
হাসপাতালে নেওয়ার পর অরুণের চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। তবে বিষ তার স্নায়ুতন্ত্রে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এ সময় চিকিৎসকেরা আকাশকে নির্দেশ দেন, কোনোভাবেই যেন অরুণকে ঘুমিয়ে পড়তে না দেওয়া হয়। ভাইকে জাগিয়ে রাখতে অরুণ ঝিমিয়ে পড়লেই তাকে চড় দিতে শুরু করেন আকাশ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, প্রায় এক ঘণ্টায় তিনি ভাইকে আনুমানিক ১৫০টি চড় মারেন। হাসপাতাল সূত্রের দাবি, বিষের প্রভাব গুরুতর হওয়ায় অরুণকে ১৫টি অ্যান্টিভেনম ইনজেকশনও দেওয়া হয়।
শেষ পর্যন্ত চিকিৎসকদের প্রচেষ্টা এবং ভাইয়ের সহযোগিতায় প্রাণে বেঁচে যান অরুণ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় বসে আছেন অরুণ। পেছন থেকে তাকে ধরে রেখেছেন আকাশ। অরুণের চোখ বন্ধ হয়ে এলে আকাশ তাকে পরপর চড় দিচ্ছেন। চোখ খুলে তাকালে চড় মারা থেমে যাচ্ছে। আবার ঝিমিয়ে পড়লেই শুরু হচ্ছে চড়।
ভিডিওতে আরও দেখা যায়, পাশে থাকা নার্স অরুণকে ইনজেকশন দিচ্ছেন। অন্য এক নার্সও পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। অরুণ চোখ খুলে তাকাচ্ছেন কি না, সেদিকেও নজর রাখছেন তারা।
‘মনোজতিওয়ারিএনআই’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এরপর এটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইকে বাঁচাতে বড় ভাইয়ের এমন মরিয়া চেষ্টা দেখে অনেকেই আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং নানা মন্তব্য করেছেন।
সূত্র: আনন্দবাজার
