২৪ বছর পর ভাঙল রেকর্ড, বিড়ালের পায়ে ২৯ আঙুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
সাধারণত একটি বিড়ালের চার পায়ে মোট ১৮টি আঙুল থাকে। তবে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এমন একটি বিড়ালের সন্ধান পাওয়া গেছে, যার চার পায়ে রয়েছে ২৯টি আঙুল। বিরল এই শারীরিক বৈশিষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে বিড়ালটির।
মেইন কুন জাতের পুরুষ বিড়ালটির নাম ‘ইরেবাস অ্যানোমালি’। এর মালিক যুক্তরাষ্ট্রের কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট দম্পতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ের পর ইরেবাসের ২৯টি আঙুল থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।
ইরেবাসের শরীরে স্বাভাবিকের তুলনায় ১১টি অতিরিক্ত আঙুল রয়েছে। এ কারণে তার থাবা সাধারণ বিড়ালের তুলনায় বেশ বড় এবং কিছুটা ভিন্ন আকৃতির। তবে এত বেশি আঙুল থাকার পরও বিড়ালটির চলাফেরা বা দৈনন্দিন স্বাভাবিক জীবনে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন মালিকেরা।
জন্মগতভাবে অতিরিক্ত আঙুল থাকার এই বৈশিষ্ট্যকে চিকিৎসাবিজ্ঞানে ‘পলিড্যাক্টিলি’ বলা হয়। মেইন কুনসহ কিছু জাতের বিড়ালের মধ্যে এমন বৈশিষ্ট্য দেখা যায়। তবে একসঙ্গে ২৯টি আঙুল থাকা অত্যন্ত বিরল।
আরো পড়ুন: মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর
এর আগে ২০০২ সালে কানাডার ‘জেক’ নামের একটি বিড়াল ২৮টি আঙুল নিয়ে রেকর্ড গড়েছিল। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘টোবি’ নামের আরেকটি বিড়ালও ২৮টি আঙুল নিয়ে সেই রেকর্ডে ভাগ বসায়। এবার একটি অতিরিক্ত আঙুল নিয়ে ইরেবাস সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।
ইরেবাসের মালিক দম্পতি মেইন কুন বিড়াল প্রজননের ব্যবসার সঙ্গে জড়িত। তাদের প্রতিষ্ঠানের নাম ‘ব্লু নর্দার্ন মেইন কুনস’। তারা জানান, জন্মের পর ইরেবাসের পায়ের গঠন দেখেই তাদের মনে হয়েছিল, বিড়ালটি ব্যতিক্রমী কিছু করতে পারে এবং একসময় পুরোনো রেকর্ডও ভাঙতে পারে।
শেষ পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে তাদের সেই ধারণাই সত্যি হয়েছে।
