হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক ও অর্থনৈতিক রুট হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসায় এর নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত কি না, তা বিবেচনা করা যেতে পারে। একই পোস্টে তিনি মন্তব্য করেন, আমেরিকার মতোই এই প্রণালিও আগের যেকোনো সময়ের তুলনায় বেশি উত্তপ্ত থাকবে।
আরও পড়ুন: ছাত্রকে দিয়ে খাতা দেখালেন শিক্ষক, অতঃপর...
ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের এমন উদ্যোগ অবশ্য নতুন নয়। এর আগে গত সপ্তাহে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের প্রেক্ষাপটে তিনি লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার ঘোষণা দিয়েছিলেন তিনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৮০ বছর বয়সী ট্রাম্প হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকি দিয়ে আসছেন। এমনকি প্রণালিটিকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি মানচিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন: এআই নিয়ন্ত্রণে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ
এদিকে ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের পাল্টা জবাব হিসেবে ইরান হরমুজ প্রণালির নৌ চলাচল কার্যত অবরুদ্ধ করে রেখেছে। বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়।
ট্রাম্পের দাবি, ইরান হরমুজ প্রণালিতে নতুন করে মাইন স্থাপনের চেষ্টা করছে। এ অভিযোগের পর মঙ্গলবার মার্কিন বাহিনী প্রণালিটির কাছাকাছি এলাকায় ফের বিমান হামলা চালায়। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে।
সূত্র: এনডিটিভি
