ইসরায়েলে চার সশস্ত্র গোষ্ঠীসহ সমন্বিত হামলার প্রস্তুতি ইরানের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
দখলদার ইসরায়েলকে লক্ষ্য চার সশস্ত্র গোষ্ঠীকে সঙ্গে নিয়ে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এ হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীকে যুক্ত করা হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবামাধ্যম জেরুজালেম পোস্ট।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইরানের পরিকল্পনা খুঁজে বের করেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার সশস্ত্র সংগঠন হামাস। তবে ওই অভিযানের বিষয়ে আগে থেকে ইরান বা হিজবুল্লাহকে জানানো হয়নি বলে উল্লেখ করা হয়েছে। হামাস নিজেদের সিদ্ধান্তেই ওই হামলা চালিয়েছিল।
আরো পড়ুন: বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২
এদিকে, সেসময় ইরান ও হিজবুল্লাহ হামাসের সঙ্গে সমন্বয় করে একই সময়ে বড় ধরনের কোনো হামলা চালায়নি—বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে আরব সংবাদমাধ্যমের বিভিন্ন তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, ইরান এবার ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে একযোগে চাপ তৈরির পরিকল্পনা করছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন দিক থেকে একই সময়ে হামলার পরিস্থিতি তৈরি হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কর্মকর্তারা সম্প্রতি হিজবুল্লাহ, হুতি এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। এসব আলোচনায় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
