ভ্রমণ শেষে ফেরার পথে বাস খাদে, নিহত ২৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম
ছবি : সংগৃহীত
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৫ জন। আটলান্টিক মহাসাগরের দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি বাস প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী ও কিশোর। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সাঁও ফিলিপ শহরে ফেরার সময় ফোগো দ্বীপের একটি পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩২ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।
দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধারকাজে উদ্ধারকারী দলকে বেশ বেগ পেতে হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে পুশ-ইন ঠেকাল বিজিবি ও স্থানীয়রা
আহত কয়েকজনকে ফোগো দ্বীপের সাঁও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, বাসটিতে থাকা অনেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। তবে তাদের জন্য আয়োজিত ভ্রমণটি কোনো স্কুলের আনুষ্ঠানিক আয়োজন ছিল না। বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছর এ ধরনের ভ্রমণের আয়োজন করতেন।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের স্মরণে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সূত্র: রয়টার্স, এএফপি
