ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোনের প্রযুক্তি ও নকশা অনুসরণ করে যুক্তরাষ্ট্র নতুন একটি ড্রোন তৈরি করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, ‘লুকাস’ নামের ওই ড্রোনটি ইতোমধ্যে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রভান্ডারে যুক্ত করা হয়েছে।
শনিবার খোররামাবাদ শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি করেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাবি। এ সময় তিনি ইরানের ড্রোন প্রযুক্তিতে অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।
মুসাবি বলেন, বর্তমানে ইরানের হাতে বিভিন্ন ধরনের ‘শাহেদ’ সিরিজের ড্রোন রয়েছে। এগুলোর কিছু সরাসরি হামলার কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, আবার কিছু ড্রোন নজরদারি ও পর্যবেক্ষণে ব্যবহৃত হয়।
তিনি দাবি করেন, তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তা, দক্ষতা ও দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই ড্রোন প্রযুক্তিতে ইরান উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে।
যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ ড্রোনের প্রসঙ্গ টেনে আইআরজিসির এই কর্মকর্তা বলেন, মার্কিন ড্রোনটির প্রযুক্তি ও নকশায় ইরানের ‘শাহেদ-১৩৬’-এর প্রভাব রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, শাহেদ-১৩৬-এর প্রযুক্তি অনুসরণ করেই যুক্তরাষ্ট্র ‘লুকাস’ তৈরি করেছে এবং পরে সেটিকে নিজেদের সামরিক অস্ত্রভান্ডারে অন্তর্ভুক্ত করেছে।
মুসাবি আরও বলেন, ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ-১’-এ দেশটির তৈরি বিপুলসংখ্যক ড্রোন সফলভাবে ব্যবহার করা হয়েছিল। ওই অভিযানে ইরানের ড্রোন সক্ষমতার কার্যকারিতাও ফুটে উঠেছে বলে দাবি করেন তিনি।
সূত্র: তাসনিম নিউজ
