ইরানের সঙ্গে যুদ্ধ শেষের দিকে: ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
ছবি : সংগৃহীত
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করে একটি চুক্তি করতে চাইছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) উত্তর ক্যারোলাইনায় পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন।
যুদ্ধের কোন পর্যায়ে যুক্তরাষ্ট্র রয়েছে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছানো গেছে।
ইরান চুক্তি করতে চাইছে কি না জানতে চাইলে তিনি বলেন, ইরান একটি চুক্তি করতে চায়। এখন বিষয়টি কোন দিকে এগোয়, সেটিই দেখার বিষয়।
ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে, নাকি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে।
ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর আগে জুনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এর লক্ষ্য ছিল পরবর্তী সময়ে আরও বিস্তৃত একটি শান্তিচুক্তির জন্য আলোচনার পথ তৈরি করা।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বড় ধরনের সামরিক হামলা শুরু করে। হামলায় সরকারি ভবন, সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়। জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
তবে যুদ্ধ শেষ হওয়ার সময় নিয়ে ট্রাম্প এর আগেও বিভিন্ন সময়ে ভিন্ন সময়সীমার কথা বলেছেন। সেপ্টেম্বরের শুরুতে তিনি বলেছিলেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ শেষ হতে পারে, আবার তার আগেও শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: আনাদোলু, রয়টার্স
