হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দু’টি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত: আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তাদের সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমুদ্রে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ট্যাংকার দুটির ক্ষয়ক্ষতি, জাতীয়তা এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে সতর্কবার্তা অমান্য করে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা করলে একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনীর এই প্রভাবশালী শাখা।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে আইআরজিসি এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে তাদের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করায় দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সতর্কবার্তা অমান্য করে ওই নৌপথে জাহাজ চালানোর চেষ্টা করলে অন্য জাহাজগুলোকেও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সৌরভ-রাঙ্কাদের ছাড়াতে দিল্লি হাই কোর্টে সিজেপি
তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটি কোন দেশের মালিকানাধীন, সেগুলো কোন দেশের পতাকা বহন করছিল কিংবা বিস্ফোরণে কোনো নাবিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে আইআরজিসির বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থাগুলোও এখন পর্যন্ত ঘটনাটির স্বাধীন সত্যতা নিশ্চিত করতে পারেনি। যুক্তরাজ্যের মেরিটাইম নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) থেকেও বিস্ফোরণের খবরটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এ নৌপথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে তার প্রভাব পড়তে পারে।
তথ্যসূত্র: বিবিসি।
