মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ, ১৩ পর্যটকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম
ছবি: সংগৃহীত
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। নিহত ও আহত ব্যক্তিরা দেশি-বিদেশি পর্যটক।
মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে বাস ও ট্রাকটির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্রেনের সাহায্যে বড় বাসটি সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাতের অংশ ও বিভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
এএফপির ওই সংবাদদাতা আরও জানান, সড়কের পাশে বাসের যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। ট্রাকটির পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ দেখা যায়।
আরও পড়ুন: সৌদিতে মৃত্যুদণ্ড: ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে
আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে এ সংঘর্ষ ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় দেশজুড়ে প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হন। আর গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারান। নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।
