জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম
ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মহানগরীর সাংগঠনিক কার্যক্রম কেন্দ্রের তত্ত্বাবধানে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ ছাড়া ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে সংঘটিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ঘটনার বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা শেষে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে, দলের গঠনতন্ত্রের ১৬ ধারার ৩ উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত বিলুপ্ত করা।
আরও পড়ুন: সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে
এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরীর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এ দায়িত্ব দেওয়া হয়েছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
তদন্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের আমিরের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
