×

আইন-বিচার

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও বিজয় দেবাশীষ নারায়নকে। ছবি: সংগৃহীত

সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও বিজয় দেবাশীষ নারায়ন পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) চার দিনের রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তাদের জামিন আবেদনও নাকচ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, রিমান্ডে আসামিদের দেওয়া তথ্য পর্যালোচনা করা হচ্ছে। অভিযোগের বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ এবং ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তাদের পুনরায় রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে। এ জন্য পরবর্তী জিজ্ঞাসাবাদের আগে তাদের কারাগারে রাখা প্রয়োজন।

এর আগে গত সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার (১১ অক্টোবর) রাতে পল্লবী জোনাল টিমের একটি দল অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসা থেকে লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে বনানীর বাসা থেকে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

শুক্রবারের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাওসার আহমেদ আসামিদের জামিনের বিরোধিতা করেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী মো. আতাউর রহমান খান রুকু ও মো. মশিউর রহমান জামিনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. আতাউর রহমান খান রুকু।

মামলার অভিযোগে যা বলা হয়েছে

মামলার এজাহার অনুযায়ী, আসামিরা পল্লবীতে কাজী গুলশান আরার বাসায় অবস্থান করে ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার্স আলফা ১’ ও ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিলেন। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপে তহবিল সংগ্রহ, সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো প্রচারের অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার অ্যান্ড পাবলিক পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন আসামিরা। আওয়ামী লীগের পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

এ ছাড়া ‘আজকাল ডটকম’ নামে একটি পেজ তৈরি করে সহিংসতা ও অস্থিতিশীলতা উসকে দেওয়ার মতো কনটেন্ট প্রচারের অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাজী গুলশান আরার ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করেও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রচার ও পরিচালনা করা হতো বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: পিএসসির সাবেক গাড়িচালকের ছেলের ৪ বছরের কারাদণ্ড

এজাহারের বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২৭ নভেম্বর জাতীয় নির্বাচনের আগে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সঙ্গে গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রকাশ্যে আনুগত্য প্রকাশ করেন কাজী গুলশান আরা। পরে সহযোগীদের নিয়ে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নামে একটি কমিটি গঠন করেন তিনি। সংগঠনটির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানো, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে সরকারের বিরুদ্ধে ঘৃণা ও অবজ্ঞা ছড়ানোর অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও দাবি করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আসামিরা সহযোগীদের নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং কুৎসামূলক প্রচার চালিয়ে আসছিলেন। তাদের সঙ্গে দেশি-বিদেশি গুপ্তচরের যোগাযোগ থাকার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগে পল্লবী থানার পুলিশ পরিদর্শক মো. আলী আকবার দণ্ডবিধির ১২৪ক ধারা, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হিলারী ক্লিনটন তো অনেক বোকা, আবার ড. ইউনূসকে পুরষ্কৃত করেছে’

‘হিলারী ক্লিনটন তো অনেক বোকা, আবার ড. ইউনূসকে পুরষ্কৃত করেছে’

বছর শেষে বাড়তে পারে খাদ্যসংকট, বিপদে ১ কোটি ৮১ লাখ মানুষ

বছর শেষে বাড়তে পারে খাদ্যসংকট, বিপদে ১ কোটি ৮১ লাখ মানুষ

জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা

জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App