নিজ সন্তানকে ২৫ হাজার টাকায় বিক্রি করলেন বাবা, উদ্ধার করলো পুলিশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:০৮ পিএম
ছবি: সংগৃহীত
সন্তানের চেয়েও বড় হয়ে উঠলো টাকা। মাগুরায় মাত্র ২৫ হাজার টাকার বিনিময়ে নিজ সন্তানকে বিক্রি করে দিয়েছেন বাবা সাগর হোসেন। জন্মদাতার এমন নিষ্ঠুরতা দেখে স্তব্ধ ও হতভম্ব হয়ে গেছেন এলাকাবাসী। কিন্তু নিয়তির সেই নিষ্ঠুর বাঁধন ছিঁড়েছে পুলিশ। দ্রুত অভিযান চালিয়ে ফুটফুটে শিশুটিকে উদ্ধার করে যেন এক টুকরো স্বস্তি ফিরিয়ে এনেছে তারা।
বৃহস্পতিবার (১৮ জুন) সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। শিশুটিকে কেনেন মঘি ইউনিয়ন দক্ষিণ বীরপুর গ্রামের শাহাবুর।
এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন বলেন, ‘২৫ হাজার টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে শিশুটিকে বিক্রি করা হয়।’
পুলিশ সুপার বলেন, ‘এক মাস ২৫ দিন শিশুটির মা তানজিলা খাতুন সন্তানের খোঁজ করতে থাকলে অভিযুক্ত বাবা সাগার হোসেন তাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করেন। তিনি গল্প বানান, শিশুটিকে জীনে নিয়ে গেছে। জীনের মাধ্যমে সন্তানকে ফেরত আনার আশ্বাস দিয়ে প্রায় দুই মাস অতিবাহিত করেন। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ও স্থানীয়দের মাধ্যমে বিক্রি হওয়া শিশুটিকে বৃহস্পতিবার দুপুরে শাহাবুর ও মনিরা খাতুন দম্পতির কাছ থেকে উদ্ধার করা হয়।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় উদ্ধার হওয়া শিশুটি তার মায়ের কাছে হন্তান্তার করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গহণের প্রক্রিয়া চলছে।’
