দেশের বিভিন্ন স্থানে আগুন: বাদ পড়েনি পুলিশের গাড়ি, সাবেক এমপির বাড়ি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ৭ ঘণ্টার ব্যবধানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷ বাদ পড়েনি পুলিশের গাড়ি ও নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাসভবন।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত রাত সাত ঘণ্টার ব্যবধানে রাজধানীর মিরপুর ও দৈনিক বাংলা মোড়ে যাত্রীবাহী বাস, মোহাম্মদপুরে পুলিশের বিশেষ নিরাপত্তা ইউনিটের (এসপিবিএন) পরিত্যক্ত গাড়ি, সিলেটে সাবেক সংসদ সদস্যের বাড়ি, চট্টগ্রামে দোকানসহ বিভিন্ন স্থাপনা ও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের তথ্য এবং বিভিন্ন এলাকার ঘটনাপ্রবাহ পর্যালোচনায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অন্তত ১১টি স্থানে অগ্নিকাণ্ডের তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে রাজধানীতে তিনটি এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আরও আটটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। তবে এসব ঘটনার সবই ফায়ার সার্ভিসের মাধ্যমে নির্বাপণ করা হয়নি। কোথাও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন, আবার কোথাও উত্তেজিত জনতার বাধায় উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, শনিবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিট থেকে রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে মিরপুরে দুটি এবং দৈনিক বাংলা মোড়ে একটি। এ ছাড়া সাভার, ধামরাই, রাজবাড়ী, নেত্রকোনা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লায় আগুনের খবর পাওয়া গেছে।
বাস, পুলিশি গাড়ি ও রাজনৈতিক ব্যক্তির বাড়ি লক্ষ্যবস্তু
রাজধানীতে অগ্নিসংযোগের ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যাত্রীবাহী বাস। শনিবার সন্ধ্যায় মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে কেউ হতাহত হননি।
এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকায় টিনশেড বিল্ডিংয়ের বিপরীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোরগঞ্জগামী একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৩-০৯২৪। এটি চামড়া বন্দর এক্সপ্রেস পরিবহনের বাস বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে আগুন নেভায়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ নিরাপত্তা ইউনিট এসপিবিএনের একটি পরিত্যক্ত গাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বসিলা সড়কে এসআরবি-২ সদর দপ্তরের পাশে এসপিবিএনের ওয়ার্কশপের সামনে রাখা দুটি অকেজো গাড়ির একটিতে আগুন দেওয়া হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
দেশের রাজনৈতিক অঙ্গনেও অগ্নিসংযোগের ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে। সিলেট-৩ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র ও তার স্বজনেরা অভিযোগ করেছেন।
শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, ১৫০ থেকে ২০০ জনের একটি দল বাড়িতে গিয়ে ড্রয়িং রুম ভাঙচুর এবং বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হামলাকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
ঘটনার পেছনে একই দিন ভোরে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে স্থানীয় একাধিক সূত্রের দাবি।
তবে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি অস্বীকার করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন। তার ভাষ্য, বর্তমান সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের প্রতিবাদে বিএনপি ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলে হামলা এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় তিনি সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেন।
রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে আগুন
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাজবাড়ীর পাংশা উপজেলার মোরাত ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় রাত ১টা ৯ মিনিটে। তবে উত্তেজিত জনতার বাধার কারণে প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। পরে পুলিশের নিরাপত্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় রাত ১টা ২০ মিনিটে সেখানে পৌঁছান তারা। কিন্তু এর আগেই স্থানীয়ভাবে আগুন নিভে যায়। রাত ১টা ৪০ মিনিটে ঘটনাটির নির্বাপণ কার্যক্রম সম্পন্ন হিসেবে গণ্য করা হয়।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাদে পুঁটিকি বাজারে একটি দোকানে আগুনের ঘটনা ঘটে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর এলাকার মালঘর বাজারে একটি দোকানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সেখানে সহিংসতার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামের দোয়েল চত্বর এলাকায় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান।
অগ্নি নির্বাপনে বাধা, পাল্টাপাল্টি ধাওয়া
অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর পাশাপাশি ফায়ার সার্ভিসের কাজ করার ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতার তথ্য পাওয়া গেছে। বিশেষ করে রাজবাড়ীর পাংশায় উত্তেজিত জনতার বাধার কারণে ফায়ার সার্ভিসকে পুলিশের নিরাপত্তা নিয়ে ঘটনাস্থলে যেতে হয়েছে। আবার সিলেটে স্থানীয়ভাবে আগুন নির্বাপণ হওয়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা সরাসরি আগুন নেভানোর কাজ করতে পারেননি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ধারাবাহিক এসব অগ্নিসংযোগের ঘটনায় বাস, পুলিশি নিরাপত্তা ইউনিটের পরিত্যক্ত গাড়ি, রাজনৈতিক ব্যক্তির বাড়ি, দোকান ও মোটরসাইকেলের মতো বিভিন্ন স্থাপনা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ঘটনায় রাজনৈতিক বিরোধ ও পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠলেও সব ঘটনার পেছনের কারণ কিংবা জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই রাতে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ধারাবাহিকতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
