×

খুলনা

জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

ছবি: সংগৃহীত

তিন মাস আগে জন্ম নেওয়া জোড়া লাগা যমজ দুই শিশুর চিকিৎসার সব খরচ বহনের দায়িত্ব নিয়েছে সরকার। দারিদ্র্যের কারণে জয়নব ও উম্মে কুলসুম নামে শিশু দুটির চিকিৎসা কার্যক্রম থমকে গিয়েছিল। সরকার চিকিৎসার উদ্যোগ নেওয়ায় নতুন করে আশার আলো দেখছে ভুক্তভোগী পরিবারটি।

জয়নব ও উম্মে কুলসুম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির সন্তান। সম্প্রতি জোড়া লাগা শিশু দুটির চিকিৎসা নিয়ে পরিবারের অসহায়ত্বের খবর গণমাধ্যমে বের হলে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসে। এরপর শিশু দুটির চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

রোববার (৯ আগস্ট) বিকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শিশু দুটির বাবা নাহিদ হাসানকে ফোন করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় মন্ত্রী তাকে বলেন, 'বাচ্চা দুটির অস্ত্রোপচার, পরবর্তী চিকিৎসা ও ফলোআপসহ আনুষঙ্গিক সব খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে।' বিলম্ব না করে অতিদ্রত শিশু দুটিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন তিনি।

ছবি: সংগৃহীত

এদিকে মন্ত্রীর ফোন পেয়ে নাহিদ হাসান জোড়া লাগা দুই শিশু ও স্ত্রীকে নিয়ে সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

গত ৪ মে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জোড়া লাগা যমজ শিশু দুটির জন্ম হয়। জন্মের পর চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে পরিবারকে জানান, অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা সম্ভব। তবে এ জন্য একাধিক ধাপে পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। 

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন মাস পর শিশু দুটিকে আবার ঢাকায় নেওয়ার কথা থাকলেও চরম আর্থিক সংকটে তা সম্ভব হচ্ছিল না। নাহিদ হাসানের মাসিক আয় মাত্র ৯ থেকে ১০ হাজার টাকা। এ আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি দুই শিশুর দুধ ও চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তিনি ঋণের বোঝায় আটকে পড়েন। 

সপ্তাহদুয়েক আগে বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগা দুই শিশুর চিকিৎসা নিয়ে অনিশ্চয়তার খবর উঠে আসে গণমাধ্যমে। এরপর বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়া হয়। রোববার সরকারিভাবে চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হয়। 

এর আগে দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও অনিন্দ্য গুহ পরিবারটিকে সহায়তায় তাদের বাড়ি যান। তিনি প্রাথমিকভাবে নগদ ২০ হাজার টাকা এবং ২০ হাজার টাকা মূল্যের প্রয়োজনীয় সামগ্রী দেন। এ সময় পরিবারটির সহায়তায় পাশে থাকার আশ্বাস দেন ইউএনও। 

জোড়া লাগা শিশুর বাবা নাহিদ হাসান বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বিকালে আমাকে ফোন করে বলেছেন, শিশুদের চিকিৎসার সব দায়িত্ব সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় নিচ্ছে। দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেছেন। সরকারের এই সহায়তায় আমরা নতুন জীবন খুঁজে পেলাম। আজ (সোমবার) সকালে আমরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছি।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ সাংবাদিকদের জানান, শিশু দুটির বিষয়ে উপজেলা প্রশাসন ছাড়াও জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেন। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হলে তিনি শিশু দুটির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। 

সরকারের সার্বিক ব্যবস্থাপনায় সময়মতো অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসা পেলে জয়নব ও উম্মে কুলসুম সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে এমন আশায় এখন নতুন করে বুক বাঁধছে দরিদ্র পরিবারটি। অনিশ্চিত হয়ে পড়া চিকিৎসার উদ্যোগ গ্রহণ করায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তারা স্থানীয় গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল-বাদ্য বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-মিছিল

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি

হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি

জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকবে জামায়াত: নূরুল ইসলাম বুলবুল

জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকবে জামায়াত: নূরুল ইসলাম বুলবুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App