কলকাতায় অগ্নিকাণ্ড
নিহত বাংলাদেশিদের মরদেহের অপেক্ষায় স্বজনরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:১৪ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজনরা। নিহতদের মধ্যে কুষ্টিয়ার চারজন ও সাভারের একজন রয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদের মরদেহ দেশে আনা হবে বলে জানিয়েছে ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান।
অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন- কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা শারমীন (২৫), তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর মো. আকরাম আলী (৬৪) এবং সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহম্মেদ বাবু। ৩৭ বছর বয়সি বাবু ওই এলাকার আদম আলীর ছেলে।
আরো পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান বলেন, ‘শনিবার দুপুর ২টার দিকে তাদের মরদেহ দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।’
এদিকে, অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুর মরদেহ সংগ্রহের জন্য শুক্রবার বিকেল থেকেই বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় অবস্থান করছেন স্বজনরা।
মরদেহ নিতে আসা আহম্মেদ বাবুর মেজো ভাই মনির হোসেন বলেন, ‘সোমবার রাতে ব্যবসায়িক কাজে কলকাতা যান আহম্মেদ বাবু। সেখান থেকে পরিবারের সঙ্গেও কথা হয় কিন্তু কলকাতার হোটেলে ভয়াবহ আগুন লাগার পর আর বাবুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।’
বুধবার দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে মোবাইল ফোনে নিহতের খবর জানানো হয়। পরবর্তীতে ভারতীয় হাইকমিশন থেকে নিহতের ছবি পাঠালে পরিবারের পক্ষ থেকে বাবুকে শনাক্ত করা হয়।
দেবাশীষ দত্ত ও তার স্বজনদের মরদেহ গ্রহণ করতে কুষ্টিয়া থেকে রওনা দিয়েছেন স্বজন ও সাংবাদিকরা।
