কুষ্টিয়া ষ্টেডিয়ামে কাবাডি খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাত
কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় কাবাডি খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ দলের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে রক্তিম নামে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ৩৬তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় এ ঘটনা ঘটে।
আহত রক্তিম কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা এলাকার মুন্সি সালামের ছেলে এবং দহকুলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দহকুলা মোহাম্মদ শহী উচ্চ বিদ্যালয় ও জেলা কালেক্টরেট স্কুলের মধ্যে কাবাডি খেলা চলছিল। খেলার একপর্যায়ে ৪৪-২৮ পয়েন্টে দহকুলা মোহাম্মদ শহী উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। এরপরই উত্তেজিত হয়ে প্রতিপক্ষ দলের এক শিক্ষার্থী রক্তিমের পিঠে ছুরিকাঘাত করে বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও মান ক্ষুণ্ন না হয়: তথ্যমন্ত্রী
পরে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
এদিকে ক্রীড়া প্রতিযোগিতার মাঠে এমন ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
