×

আইন-বিচার

অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪১ হাজার ৯২৪ মামলা: সংসদে আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম

অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪১ হাজার ৯২৪ মামলা: সংসদে আইনমন্ত্রী

আইনমন্ত্রী আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের অধস্তন আদালতগুলোতে মোট ৪০ লাখ ৪১ হাজার ৯২৪টি মামলা বিচারাধীন রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে সরকারদলীয় এমপি জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপন করা হয়।

ফৌজদারি কার্যবিধি (সংশোধন) আইন-২০২৬ প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, নতুন আইনে এসএমএস ও ভয়েস কলের মাধ্যমে সমন জারি, অ্যাফিডেভিটের মাধ্যমে আরজি ও লিখিত জবাব দাখিল এবং সরাসরি জেরা করার বিধান যুক্ত করা হয়েছে। এছাড়া ডিক্রি জারির জন্য পৃথক মামলা না করে মূল মামলায় সরাসরি আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

মামলার জট কমাতে ইতোমধ্যে ৮৭১টি আদালত ও ২৩২টি বিচারকের পদ সৃষ্টি করা হয়েছে বলে জানান তিনি। আরো ৩০৪টি বিচারকের পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে এবং নতুন ১৫০ জন সিভিল জজ নিয়োগ কার্যক্রমও অব্যাহত রয়েছে। এছাড়া বিচার বিভাগে শূন্যপদ পূরণে ৭০৮ জন কর্মচারী নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং আরো ৫৫৩ জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

আইনমন্ত্রী বলেন, বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানো এবং মামলার জট নিরসনে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

আরো পড়ুন : রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

বিরোধী দলের এমপি শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার বিভাগকে প্রভাবিত করতে বিচারকদের বদলি ও পদায়নে দলীয় আনুগত্যকে গুরুত্ব দেওয়া হতো। স্বাধীনভাবে দায়িত্ব পালনের চেষ্টা করলে অনেক বিচারককে দূরবর্তী এলাকায় বদলি করা হতো।

বর্তমান সরকার এ ধরনের নীতি অনুসরণ করবে না উল্লেখ করে তিনি বলেন, বিচারকদের সততা, দক্ষতা ও বিচারিক আচরণই হবে প্রধান বিবেচ্য। সুপ্রিম কোর্টের মাধ্যমে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির এমপি ফজলে হুদার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ব্রিটিশ ও পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইনগুলো চিহ্নিত করে সংশোধন বা নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ল কমিশন কাজ করছে।

সরকারদলীয় এমপি মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৫ সালে ৪৬৭ জন বিচারককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ২০২৬ সালে এখন পর্যন্ত ৯৩ জন বিচারক প্রশিক্ষণ পেয়েছেন।

তিনি আরো জানান, বর্তমানে দুই জেলায় ই-ফ্যামিলি কোর্ট চালু রয়েছে যেখানে অনলাইনে মামলা দায়ের থেকে শুরু করে শুনানি পর্যন্ত সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। ভবিষ্যতে এটি দেশের সব জেলায় চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘ই-জুডিশিয়ারি’ প্রকল্পের মাধ্যমে বিচার ব্যবস্থাকে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বতন্ত্র এমপি রুমিন ফারহানার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মামলার এজাহারে অভিযুক্তের রাজনৈতিক পরিচয় উল্লেখ না থাকায় হয়রানিমূলক বা ভুয়া মামলার সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই।

সরকারদলীয় এমপি মনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার কাজ করছে। এ বিষয়ে একটি কমিটি গঠন করে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে কার্যক্রম চলমান রয়েছে।

এমপি রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তিতে গড় সময় নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই। তবে আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালতে ১৮০ দিন এবং দায়রা আদালতে ৩৬০ দিনের মধ্যে ফৌজদারি মামলা নিষ্পত্তির বিধান রয়েছে। দেওয়ানি মামলার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা না থাকলেও মামলার ধরন ও জটিলতার ওপর নির্ভর করে সময় ভিন্ন হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তামিম সভাপতি হওয়ায় যে সুবিধা দেখছেন মিরাজ

তামিম সভাপতি হওয়ায় যে সুবিধা দেখছেন মিরাজ

আবারো রিমান্ডে ডিজিএফআইয়ের মাঞ্জিল হায়দার

আবারো রিমান্ডে ডিজিএফআইয়ের মাঞ্জিল হায়দার

সিরিজ শুরুর আগেই যা নিয়ে চিন্তিত নিউজিল্যান্ড

সিরিজ শুরুর আগেই যা নিয়ে চিন্তিত নিউজিল্যান্ড

বেসরকারি প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত

বেসরকারি প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App