বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনায় গঠিত বিএনপি-জামায়াতপন্থি শীর্ষ আইনজীবীদের নিয়ে করা অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ৩০ দিনের মধ্যে বার কাউন্সিল নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিতের আবেদনও করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য বিএনপি-জামায়াতপন্থি শীর্ষ আইনজীবীদের নিয়ে ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে জামায়াতের দুইজন শীর্ষ আইনজীবী এবং এনসিপির একজন আইনজীবীকেও রাখা হয়েছে।
অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আরো পড়ুন : ইনুর রায়ে আমরা সন্তুষ্ট নই, উচ্চ আদালতে যাব : চিফ প্রসিকিউটর
কমিটির সদস্যরা হলেন— সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন। তারা সবাই বিএনপিপন্থি আইনজীবী হিসেবে পরিচিত।
এ ছাড়া জামায়াতের পক্ষ থেকে অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার এবং সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এনসিপির প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন মোহাম্মদ হোসেন লিপু।
মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ৪-এর ক্লজ (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে।
