×

আইন-বিচার

জামিন পেলেন সালমান এফ রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম

জামিন পেলেন সালমান এফ রহমান

ছবি ; সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম ফরমানুল ইসলামকে মারধর, প্রাণনাশের হুমকি ও জোর করে পদত্যাগে বাধ্য করার মামলায় জামিন দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেন। তাঁর আইনজীবী মো. সজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবীর দাবি, মামলায় আনা অভিযোগ মিথ্যা এবং অধিকাংশ ধারাই জামিনযোগ্য হওয়ায় আদালত জামিনের আবেদন মঞ্জুর করেছেন।

২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর বিআইএফএফএলের সাবেক সিইও এস এম ফরমানুল ইসলাম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেন।

মামলায় সালমান এফ রহমান ছাড়াও সাবেক অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ মোট ১২ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনে পিবিআই। এর মধ্যে আব্দুর রউফ তালুকদার, আবু হেনা মো. রহমাতুল মুনিম, বিআইএফএফএলের সাবেক কোম্পানি সচিব মো. মনিরুল ইসলাম খান এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আগেই জামিন পেয়েছেন।

আরও পড়ুন: জামায়াতের ছায়া মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

সর্বশেষ সোমবার সালমান এফ রহমানও জামিন পেলেন। মামলার অপর আসামি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব সাজ্জাদুল হাসান এখনো পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ মাসুদ রানা ২০২৫ সালের ৬ ডিসেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়।

এর আগে ১৭ আগস্ট তদন্ত কর্মকর্তার প্রতিবেদন আমলে নিয়ে সালমান এফ রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।

পিবিআইয়ের তদন্তের ভিত্তিতে আদালত অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। পরে আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, বিআইএফএফএলের সিইও থাকাকালে এস এম ফরমানুল ইসলামকে সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ ও বিনিয়োগ সুবিধা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।

বিশেষ করে সালমান এফ রহমানের মালিকানাধীন ‘তিস্তা সোলার’ প্রকল্পের জন্য প্রাতিষ্ঠানিক নীতিমালা উপেক্ষা করে প্রায় ১৮৫ মিলিয়ন ডলার ঋণ ছাড়ের প্রস্তাব করা হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা।

তবে নিয়মবহির্ভূত হওয়ায় ফরমানুল ইসলাম ওই প্রস্তাবে সম্মতি দেননি বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া তাঁর ওপর সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ডে আগাম বিনিয়োগ এবং বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য জামানত ছাড়াই ঋণ দেওয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগও আনা হয়।

মামলায় বলা হয়, সিআইবির প্রতিবেদনে খেলাপি ঋণসংক্রান্ত জটিলতা থাকায় এসব প্রস্তাবেও সম্মতি দেননি ফরমানুল ইসলাম।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ২৮ জুলাই বিআইএফএফএলের ৮০তম পর্ষদ সভায় ফরমানুল ইসলামের ওপর আসামিরা চড়াও হন।

একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত, জামার কলার ধরে টানাহেঁচড়া ও মারধর করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে তাঁর কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগও রয়েছে।

এ ছাড়া তাঁর দাপ্তরিক মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন, প্রাতিষ্ঠানিক ই-মেইল ব্যবহারে বাধা এবং ব্যক্তিগত গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ করা হয়। তাঁকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও রয়েছে।

মামলার বাদী এস এম ফরমানুল ইসলাম বলেন, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে যে ধারাগুলোতে অপরাধের কথা বলা হয়েছে, সেগুলো জামিনযোগ্য। তাই আসামিদের জামিন পাওয়া অস্বাভাবিক নয়।

তবে তিনি অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা সাবেক সরকারের সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও তাদের পক্ষে প্রভাবশালী আইনজীবীরা মামলা পরিচালনা করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোও যথাযথ ভূমিকা নিচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিরাপত্তা জোরদারে মাঠে নামছে র‍্যাব

নিরাপত্তা জোরদারে মাঠে নামছে র‍্যাব

ছয় দাবিতে লংমার্চ করবে ১১ দল, যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ

ছয় দাবিতে লংমার্চ করবে ১১ দল, যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ

কনসার্ট বন্ধের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

কনসার্ট বন্ধের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

৫ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

৫ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App