×

লাইফ স্টাইল

পেঁয়াজ-মেথি-কালো জিরা ব্যবহারে কী ঠেকাবে চুল পড়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০২:১০ পিএম

পেঁয়াজ-মেথি-কালো জিরা ব্যবহারে কী ঠেকাবে চুল পড়া

ছবি: সংগৃহীত

চুল পড়া নারী-পুরুষ উভয়ের জন্যই দুশ্চিন্তার কারণ। কারণ চুল শুধু সৌন্দর্যের অংশই নয়, ব্যক্তিত্বেরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে ঘন, কালো ও লম্বা চুলকে সৌন্দর্যের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে নানা ধরনের ঘরোয়া ও হারবাল পদ্ধতির ওপর নির্ভর করেন অনেকেই।

পেঁয়াজের রস, মেথি, কালোজিরা, জবা ফুল, কারিপাতা, রোজমেরি, তিসি কিংবা আমলকী— এসব উপাদান দিয়ে তৈরি তেল ও হেয়ার প্যাকের ব্যবহার বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব উপাদান দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের চটকদার বিজ্ঞাপন দেখা যায়। অনেক ক্ষেত্রে এসব পণ্য চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানোর নিশ্চয়তা দিয়েও বিক্রি করা হয়।

কিন্তু প্রশ্ন হলো, এসব উপাদান কি সত্যিই চুল পড়া বন্ধ করতে পারে? নতুন চুল গজানোর ক্ষেত্রে এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি কতটা? আর বংশগত কারণে চুল পাতলা হয়ে গেলে এসব উপাদান কতটা কার্যকর?

প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) বলছে, প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। সাধারণত এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তবে অতিরিক্ত চুল পড়া কখনো কখনো শরীরের অন্য কোনো সমস্যার লক্ষণ হতে পারে।

অসুস্থতা, মানসিক বা শারীরিক চাপ, হরমোনের পরিবর্তন, বংশগত কারণ, পুষ্টির ঘাটতি, মাথার ত্বকে ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ, ক্যানসারের চিকিৎসা, দ্রুত ওজন কমে যাওয়া কিংবা আয়রনের ঘাটতির মতো বিভিন্ন কারণে চুল পড়তে পারে।

আরও পড়ুন: পিঁপড়েরা কীভাবে মিষ্টির খোঁজ পায়

এনএইচএসের তথ্য অনুযায়ী, পুরুষ ও নারীর বংশগত টাক পড়ার মতো কিছু ধরনের চুল পড়া স্থায়ী হতে পারে। তবে অন্যান্য অনেক ধরনের চুল পড়া সাময়িক এবং কারণ শনাক্ত করে চিকিৎসা নেওয়া হলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব।


মেথি-পেঁয়াজে কী চুল গজায়?

পেঁয়াজের রস, মেথি, জবা ফুল বা আমলকীর মতো উপাদানে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। এগুলো মাথার ত্বকের জন্য কিছুটা উপকারী হতে পারে। তবে এসব উপাদান ব্যবহার করলেই চুল পড়া বন্ধ হবে বা প্রচুর নতুন চুল গজাবে—এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি।

নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ডার্মাটোলজি অ্যান্ড ভেনিরিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তাসনীম খান বলেন, পেঁয়াজের রস, আমলকী ও জবা ফুলে থাকা বিভিন্ন অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মাথার ত্বকের অবস্থার উন্নতিতে ভূমিকা রাখতে পারে। তবে চুল পড়া বন্ধ করা বা নতুন চুল গজানোর ক্ষেত্রে এগুলোর কার্যকারিতার পক্ষে এখনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

তার ভাষায়, এসব উপাদান নিয়ে কিছু গবেষণা হলেও মানুষের ওপর শক্তিশালী ও নির্ভরযোগ্য ক্লিনিক্যাল ট্রায়ালের প্রমাণ খুবই সীমিত। কিছু ক্ষেত্রে প্রাণীর ওপর গবেষণায় চুল গজানোর সম্ভাব্য প্রভাব দেখা গেলেও তা মানুষের ক্ষেত্রে নিশ্চিতভাবে কার্যকর—এমন প্রমাণ পাওয়া যায়নি।

তবে রোজমেরি তেল ব্যবহারে চুলের ক্ষেত্রে কিছুটা ইতিবাচক ফল পাওয়ার তথ্য রয়েছে বলেও জানান তিনি।

চুলের গোড়া নষ্ট হলে নতুন করে গজানো কঠিন

চুল গজানোর মূল ভিত্তি হলো হেয়ার ফলিকল। মাথার ত্বকের নিচে থাকা এই ফলিকল থেকেই চুল তৈরি হয়। একজন মানুষের শরীরে হেয়ার ফলিকলের সংখ্যা নির্দিষ্ট থাকে।

ডা. তাসনীম খান বলেন, হেয়ার ফলিকল ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেলে সেখান থেকে নতুন করে চুল গজানো সব সময় সম্ভব হয় না। তাই চুল পড়া শুরু হলে কারণ শনাক্ত করে দ্রুত চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ।

তার মতে, অনেকেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে দীর্ঘদিন বিভিন্ন হারবাল উপাদান ব্যবহার করতে থাকেন। এতে কার্যকর চিকিৎসা শুরু করতে দেরি হয় এবং কোনো কোনো ক্ষেত্রে চুলের ক্ষতি এমন পর্যায়ে পৌঁছে যায়, যখন পুনরায় চুল গজানো কঠিন হয়ে পড়ে।


তেল ব্যবহারে কী কোনো উপকার নেই?

হারবাল তেল বা এসব উপাদানের কোনো উপকারই নেই—বিষয়টি এমন নয়। ডা. তাসনীম খান জানান, মাথার ত্বকে তেল দিয়ে ম্যাসাজ করলে রক্তসঞ্চালন কিছুটা বাড়তে পারে। এর ফলে চুলের ফলিকলে পুষ্টি ও অক্সিজেন সরবরাহে সহায়তা হতে পারে।

তবে এর অর্থ এই নয় যে, তেল বা হারবাল উপাদান ব্যবহার করলেই চুল পড়ার মূল কারণ দূর হয়ে যাবে কিংবা নতুন চুল গজাবে।

আরও পড়ুন: যেসব ভুলের কারণে মুখে বারবার ব্রন ওঠে

বিশেষ করে অল্প বয়সে অতিরিক্ত চুল পড়া বা বংশগত কারণে চুল পাতলা হওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে কার্যকর চিকিৎসা নেওয়া সম্ভব। এ ধরনের ক্ষেত্রে শুধু মেথি, পেঁয়াজের রস বা অন্য কোনো হারবাল উপাদানের ওপর নির্ভর না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

চুলে মাখার চেয়ে খাবারে গুরুত্ব বেশি

অ্যালোভেরা, আমলকী, পেঁয়াজ, রসুন, তুলসী ও মেথির মতো বিভিন্ন খাবারে ভিটামিন, খনিজ, প্রোটিনসহ শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান রয়েছে। এসব পুষ্টি চুলের স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ।

তবে এসব উপাদান মাথায় মাখার চেয়ে সুষম খাদ্যের অংশ হিসেবে গ্রহণ করা বেশি উপকারী হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ডার্মাটোলজিস্ট আসিফ ইমরান সিদ্দিকী বলেন, চুল পড়ছে বলে ডিম, মেথি বা অন্য কোনো খাবার মাথায় মাখার চেয়ে সেগুলো খাবারের অংশ হিসেবে গ্রহণ করাই বেশি যুক্তিযুক্ত। শরীরের প্রয়োজনীয় পুষ্টি ভেতর থেকে পাওয়াই গুরুত্বপূর্ণ।

তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন হেয়ার প্যাক বা তেলের উপাদান, পরিমাণ এবং তৈরির প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত না হয়ে সেগুলো ব্যবহার করা উচিত নয়।


সবার জন্য তেলও উপকারী নয়

চুলের ধরন ও মাথার ত্বকের অবস্থা অনুযায়ী তেল ব্যবহারের প্রয়োজনীয়তা ভিন্ন হতে পারে। ডা. আসিফ ইমরান সিদ্দিকী বলেন, সবার জন্য নিয়ম করে মাথার ত্বকে তেল দেওয়ার প্রয়োজন নেই।

যাদের মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তারা নিয়মিত বেশি তেল ব্যবহার করলে চুল আরও চিটচিটে হয়ে যেতে পারে এবং খুশকির সমস্যা বাড়তে পারে। অন্যদিকে যাদের চুল কোঁকড়া বা অতিরিক্ত শুষ্ক, তারা চুলে অল্প পরিমাণ তেল ব্যবহার করলে তা কন্ডিশনারের মতো কাজ করে চুলকে কিছুটা মসৃণ রাখতে পারে।

এমনকি কিছু মানুষের ক্ষেত্রে তেল, পেঁয়াজের রস, মেথি, জবা বা অ্যালোভেরার মতো উপাদান ব্যবহারে উপকারের বদলে ত্বকে সমস্যা বা অন্য কোনো রোগের উপসর্গ বেড়ে যেতে পারে।

তাই চুল পড়লে কী করবেন

চুল পড়ার কারণ একেকজনের ক্ষেত্রে একেক রকম। তাই চুল পড়া শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যমের পরামর্শ বা ঘরোয়া টোটকার ওপর নির্ভর না করে প্রথমে কারণটি শনাক্ত করা জরুরি।

বংশগত কারণ, পুষ্টির ঘাটতি, হরমোনের সমস্যা, সংক্রমণ কিংবা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে চুল পড়ছে কি না—তা নির্ণয় করতে প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

পেঁয়াজের রস, মেথি, কালোজিরা বা বিভিন্ন হারবাল তেল চুলের যত্নে কিছু ভূমিকা রাখতে পারে, কিন্তু এগুলোকে চুল পড়ার চিকিৎসার বিকল্প হিসেবে বিবেচনা করার মতো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই। তাই চুল পড়া বন্ধ বা নতুন চুল গজানোর আশায় দীর্ঘদিন ঘরোয়া পদ্ধতিতে সময় নষ্ট না করে সমস্যার কারণ অনুযায়ী চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাদের-পলকের ফোনালাপে যেসব বিষয়ে কথা হয়

কাদের-পলকের ফোনালাপে যেসব বিষয়ে কথা হয়

স্বাস্থ্য কমপ্লেক্সের ডেলিভারি কক্ষে তালা, পথে সন্তান প্রসব প্রসূতির

স্বাস্থ্য কমপ্লেক্সের ডেলিভারি কক্ষে তালা, পথে সন্তান প্রসব প্রসূতির

ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে ফুলজোড়ের দুই পাড়ে জনস্রোত

ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে ফুলজোড়ের দুই পাড়ে জনস্রোত

বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ ভারতীয় বিড়ি উদ্ধার

গোমস্তাপুর সীমান্ত বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ ভারতীয় বিড়ি উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App